শিলিগুড়ি: সম্পর্কের পবিত্রতা ভেঙে ফের একবার নৃশংসতার সাক্ষী থাকল শিলিগুড়ি। নিজের নাবালিকা মেয়েকে (Minor Rape Case) ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হল এক ব্যক্তিকে। অভিযুক্ত ওই ব্যক্তি নাবালিকার সৎবাবা (Stepfather Arrested) বলে জানা গেছে। এই ঘটনায় শিলিগুড়ি জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নাবালিকার শারীরিক অবস্থা ও গোপন জবানবন্দির ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাতে অভিযুক্তকে পাকড়াও করে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দেড় মাস আগে পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে শিলিগুড়ির একটি হাসপাতালে ভর্তি হয় চোদ্দো বছরের ওই নাবালিকা। তাকে পরীক্ষা করার সময় চিকিৎসকরা বুঝতে পারেন যে সে অন্তঃসত্ত্বা। নাবালিকা হওয়ার কারণে বিষয়টি আইনত গুরুতর হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তৎক্ষণাৎ শিলিগুড়ি থানায় খবর দেওয়া হয়। পুলিশ খবর পাওয়ামাত্রই পকসো (POCSO Act) আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করে।
শুরুতে ওই নাবালিকা ভয়ে বা লোকলজ্জার আশঙ্কায় অন্তঃসত্ত্বা হওয়ার কারণ নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি। দীর্ঘ কাউন্সেলিং এবং পুলিশের আশ্বাসের পর সম্প্রতি সে আসল সত্যটি খোলসা করে। নাবালিকা পুলিশকে জানায়, তার এই অবস্থার জন্য তার সৎবাবাই দায়ী। নাবালিকার মা কাজে বাইরে থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত ব্যক্তি দিনের পর দিন তাকে যৌন নির্যাতন চালাত।
নাবালিকার চাঞ্চল্যকর বয়ান পাওয়ার পর পুলিশ ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরার মুখে অভিযুক্ত ব্যক্তি নিজের কুকীর্তির কথা স্বীকার করে নেয়। মঙ্গলবার রাতেই তাকে শিলিগুড়ি থানার পুলিশ গ্রেপ্তার করে। বুধবার ধৃত ব্যক্তিকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। নাবালিকা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
