মদ্যপ অবস্থায় নবরাত্রির অনুষ্ঠানে মঞ্চে পারফর্ম! পাঞ্জাবি গায়ক দালের মেহেন্দির বিরুদ্ধে গুরুতর অভিযোগ। উঠেছে লিপ-সিঙ্কিংয়ের অভিযোগও। উত্তরাখণ্ডের তেহরি জেলায় কুঞ্জাপুরি মেলায় অনুষ্ঠান করতে গিয়ে উত্তরাখণ্ডের ক্যাবিনেট মন্ত্রী সুবোধ উনিয়ালের সঙ্গে বিতর্কে জড়ালেন এই জনপ্রিয় গায়ক। সোশাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে ভিডিও। নজরে আসতেই দালের মেহেন্দির সমর্থনে মুখ খুললেন পাঞ্জাবি গায়ক মিকা সিং।
ভিডিওবার্তার মাধ্যমে স্পষ্ট জানিয়েছেন, দালের মেহেন্দি মদ্যপান করেন না। এই অভিযোগে অত্যন্ত হতাশার সঙ্গে মিকা জানান, গত দু’বছর অসুস্থ রয়েছেন দালের মেহেন্দি এবং বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন। ২০ অক্টোবর মিকা সিং একটি ভিডিও বার্তায় দালের মেহেন্দির বিরুদ্ধে মদ্যপ অবস্থায় অনুষ্ঠান করার অভিযোগ খারিজ করে দেন। তিনি জানান, গত দু’বছর ধরে অসুস্থ থাকার পাশাপাশি সম্প্রতি একটি বড় অস্ত্রোপচারও হয়েছে দালের মেহেন্দির।
আরও পড়ুন:
মদ্যপান তাঁর শারীরিক অসুস্থতাকে প্রভাবিত করতো পরে বলেও ইঙ্গিত দেন মিকা। কেউ যদি তাঁকে মদ্যপান করতে দেখে থাকেন, তাঁকে সামনে এসে প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জও জানান গায়ক। তাঁর দাবি, কেউ যদি এই অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি নিজেই গান গাওয়া ছেড়ে দেবেন। মঞ্চে দালের মেহেন্দির সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছে তা অত্যন্ত হতাশাজনক বলে দাবি মিকা সিংয়ের।
তাঁর কথায়, “মঞ্চে দালের মেহেন্দির সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছে তা সত্যিই হতাশাজনক। একজন সম্মানীয় মন্ত্রী মঞ্চে উঠে তাঁর বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ তুলেছেন। কিন্তু এমন দাবি প্রকাশ করার আগে কি তথ্য যাচাই করা এবং শিল্পীকে নিজের বক্তব্য জানানোর সুযোগ দেওয়া উচিত নয়? কোল্ডপ্লের মতো কোনও আন্তর্জাতিক ব্যান্ডের সঙ্গে কেউ এমন আচরণ করার সাহস দেখাতেন?”

দালের মেহেন্দির সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, “আমি দালের মেহেন্দিকে চিনি। তিনি মদ্যপান করেন না। গত দু’বছর তিনি অসুস্থ এবং এখন সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন। তা সত্ত্বেও তিনি নিজের ব্যান্ডের সঙ্গে অনুষ্ঠান করে চলেছেন।” লিপ-সিঙ্কিংয়ের অভিযোগ প্রসঙ্গে বলেন, “আজকাল অনেক শিল্পীই ব্যাকিং ট্র্যাক ব্যবহার করেন। কিন্তু তাঁদের কাউকেই প্রশ্নের মুখে পড়তে হয় না। দালের মেহেন্দি ভারতের অন্যতম বড় সুপারস্টার বলেই হয়তো এসব প্রশ্ন উঠছে।”
দালের মেহেন্দির সংগীত পরিবেশন নিয়ে মন্ত্রীর উদ্বেগের বিষয়টি মিকা স্বীকার করলেও, গায়ককে মদ্যপ অবস্থায় অনুষ্ঠান করার অভিযোগে অভিযুক্ত না করার জন্য তিনি সুবোধ উনিয়ালকে অনুরোধ করেছেন। তাঁর বক্তব্য, কোনও শিল্পীকে নিয়ে প্রশ্ন থাকতেই পারে কিন্তু গুরুতর অভিযোগ তোলার আগে তার সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
