Mexico vs South Korea | ঘরের মাঠে লুইস রোমোর রূপকথা! দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

Mexico vs South Korea | ঘরের মাঠে লুইস রোমোর রূপকথা! দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ২০২৬ ফিফা বিশ্বকাপে (FIFA World Cup 2026) প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ড তথা নকআউট পর্বের টিকিট পকেটে পুরল সহ-আয়োজক মেক্সিকো (Mexico vs South Korea)। ‘এ’ গ্রুপের হাই-ভোল্টেজ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করল তারা। আর এই ঐতিহাসিক জয়ের মহানায়েক মেক্সিকোর ৩১ বছর বয়সী মিডফিল্ডার লুইস রোমো। নিজের চেনা ঘরের মাঠে বিশ্বকাপ অভিষেকের দিনেই জয়সূচক গোল করে রূপকথা লিখলেন এই তারকা।

লুইস রোমো মেক্সিকোর ঘরোয়া ক্লাব সি.ডি গুয়াদালাহারার হয়ে খেলেন। এই ক্লাবের হোম ভেন্যু হলো ‘এস্তাদিও আকরন’। ফলে প্রায় প্রতি সপ্তাহেই এই চেনা মাঠে খেলতে নামেন রোমো। আজ সেই চেনা মাঠেই দেশের জার্সিতে তাঁর বিশ্বকাপ অভিষেক হলো।

ম্যাচের প্রথমার্ধ দুই দলের জন্যই বেশ নিষ্প্রভ ছিল। আক্রমণে কেউ খুব একটা ধার দেখাতে পারেনি। তবে বিরতির পরই বদলে যায় খেলার গতি। ম্যাচের ৫০তম মিনিটে দক্ষিণ কোরিয়ার গোলকিপার কিম সুং-গিউয়ের একটি মারাত্মক ভুলে খোলে মেক্সিকোর ভাগ্যের দরজা। একটি ক্রস ধরতে গিয়ে নিজের সতীর্থের সঙ্গে ধাক্কা খেয়ে বল হাত থেকে ফেলে দেন কোরিয়ান গোলরক্ষক। বক্সে ওত পেতে থাকা রোমো সেই সুযোগ হাতছাড়া করেননি। চমৎকার এক ভলিতে বল জালে জড়িয়ে মেক্সিকোকে ১-০ গোলে এগিয়ে দেন তিনি।

গোল খাওয়ার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে দক্ষিণ কোরিয়া। কোরিয়ান অধিনায়ক তথা টটেনহ্যাম তারকা সন হিউং-মিন একবার মেক্সিকোর গোলরক্ষক রাউল রানহেলকে পরাস্ত করে বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। এরপর ৭৫ মিনিটে মেক্সিকোর হিমিনেজ এবং বদলি নামা বেদ ভারগাসের দুটি জোরালো শট আটকে ব্যবধান বাড়তে দেননি কোরিয়ান গোলকিপার কিম।

ম্যাচের সবচেয়ে নাটকীয় ও হাড়হিম করা মুহূর্তটি আসে ৮৭ মিনিটে। কোরিয়ার চো গুয়ে-সুংয়ের একটি বিপজ্জনক হেড মেক্সিকোর গোলকিপার রাউল রানহেল প্রতিহত করলেও বল পুরোপুরি বিপদমুক্ত হয়নি। ফিরতি বলে বিদ্যুতবেগে শট নেন ইয়াং হিউন-জুন। কিন্তু অবিশ্বাস্য দক্ষতায় সেই শটটিও আটকে দেন রানহেল। এই অনবদ্য ‘ডাবল সেভ’-এর ওপর ভর করেই মেক্সিকোর জয় নিশ্চিত হয়।

এই জয়ের ফলে টানা দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-র শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করে ফেলল মেক্সিকো। শেষ ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে কেবল হার এড়ালেই (ড্র করলেই) গ্রুপসেরা হিসেবে পরের রাউন্ডে যাবে তারা।

অন্য দিকে, হারলেও দক্ষিণ কোরিয়ার নকআউটে ওঠার আশা এখনই শেষ হয়ে যায়নি। প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রকে হারানোর সুবাদে ৩ পয়েন্ট নিয়ে ভালো অবস্থানেই আছে এশিয়ান জায়ান্টরা। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অন্তত ড্র করতে পারলেই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল থাকবে সনের দলের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *