উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গের আকাশে বৃহস্পতিবার সন্ধ্যায় দেখা মিলল উল্কার (Meteor)। এদিন হঠাৎই জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকায় অন্ধকার আকাশে আলোকগোলক ছুটে যেতে দেখা যায়। কেউ কেউ এর সঙ্গে শোঁ শোঁ শব্দও শুনতে পেয়েছেন। যা নিয়ে জল্পনা শুরু হয়। কেউ বলেন ধূমকেতু কেউ বা উল্কা। পরে জানা যায়, এটি উল্কাই।
স্কাই ওয়াচার্স অ্যাসোসিয়েশনের তরফে দেবাশিস সরকার বলেন, ‘যেভাবে বিস্তীর্ণ প্রান্ত থেকে এটি একই উজ্জ্বলতায় দেখা গিয়েছে তাতে এটি যে উল্কাপাতই হয়েছে সে বিষয়ে প্রাথমিকভাবে কোনও সন্দেহ নেই। চিনা রকেটের রি–এন্ট্রি নিয়ে একটি খবর ছড়াচ্ছে। তবে এটি কোনও ‘খবর’ নয় নেহাতই গুজব। আজকের দিনে কোনও চিনা রকেটের রি–এন্ট্রির তারিখ ছিল না। আর এ সংক্রান্ত যে ছবিটি দেখানো হচ্ছে সেটি আজকের নয়, কয়েক মাস আগের।’
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কিছুদিন আগে জেমিনিড উল্কা বৃষ্টি হয়ে গিয়েছে। শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তা দেখাও গিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকার আকাশে আগুনের গোলার মতো যা দেখা গিয়েছে সেটি জেমিনিড উল্কারই অংশবিশেষ বলে মনে করা হচ্ছে। ভূপৃষ্ট থেকে প্রায় ৪০ কিলোমিটার ওপর এই উল্কার পিণ্ডগুলি দানা বেঁধে আগুনের গোলার চেহারা নিয়েছিল।
