উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্যস্ত জীবনে খাবার সতেজ রাখতে আমাদের প্রধান ভরসা ফ্রিজ। বাজার থেকে সবজি আনা হোক বা রাতের বেঁচে যাওয়া খাবার, সবকিছুই আমরা নির্দ্বিধায় ফ্রিজে ঢুকিয়ে রাখি। কিন্তু জানেন কি, আপনার এই অভ্যাসই খাবারের গুণমান নষ্ট করে দিচ্ছে? এমনকি বেশ কিছু পরিচিত খাবার (Meals) ফ্রিজে রাখলে তা শরীরের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়াতে পারে। বিশেষজ্ঞদের মতে, এমন ৫টি খাবার রয়েছে যা ভুলেও ফ্রিজে রাখা উচিত নয়। দেখে নিন সেই তালিকা—
পাউরুটি
জলখাবারের জন্য কেনা পাউরুটি ফ্রিজে রাখলে তা দ্রুত শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায়। এর ফলে পাউরুটির আর্দ্রতা হারিয়ে যায় এবং তা খাওয়ার অযোগ্য হয়ে পড়ে।
টমেটো
অনেকেই বাজার থেকে এনেই টমেটো ফ্রিজে ঢোকান। কিন্তু ফ্রিজের অতিরিক্ত ঠান্ডায় টমেটোর কোষীয় গঠন নষ্ট হয়ে যায়, ফলে এর স্বাভাবিক স্বাদ এবং পুষ্টিগুণ, দুই-ই কমে যায়। টমেটো সবসময় ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখাই ভালো।
আলু
কাঁচা আলু ফ্রিজে রাখা সবথেকে বড় ভুল। ফ্রিজের ঠান্ডায় আলুর ভেতরে থাকা ‘স্টার্চ’ চিনিতে রূপান্তরিত হয়। এতে আলুর স্বাদ মিষ্টি হয়ে যায়। আলু সবসময় অন্ধকার ও ঠান্ডা জায়গায় ঝুড়িতে রাখা উচিত।
আদা
আদা ফ্রিজে রাখলে তার স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে যায় এবং আদার নরমভাব নষ্ট হয়ে যায়। এতে রান্নার স্বাদ যেমন কমে, তেমনই আদার ঔষধি গুণও নষ্ট হয়। একান্তই রাখতে হলে বায়ুরোধী (Air-tight) পাত্রে ভরে রাখুন।
পেঁয়াজ
কাটা হোক বা গোটা, পেঁয়াজ ফ্রিজে রাখলে তা নরম ও তুলতুলে হয়ে যায়। বিশেষ করে কাটা পেঁয়াজ থেকে এক ধরনের বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষজ্ঞদের মতে, কাটা সবজি বা ফল ফ্রিজে দীর্ঘক্ষণ রাখলে তা শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে।
সুস্থ থাকতে কেবল ভালো খাবার খেলেই হবে না, খাবার সংরক্ষণের সঠিক পদ্ধতিও জানতে হবে। আজই আপনার ফ্রিজ থেকে এই ৫টি খাবার বের করে আনুন এবং সুস্থ জীবনযাপন নিশ্চিত করুন।
