Md Salim | ‘ধর্ম নিয়ে রাজনীতি…’, ধর্মতলার ইনকিলাব মঞ্চ থেকে তৃণমূল-বিজেপি উভয়কেই কড়া নিশানা মহম্মদর সেলিমের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ প্রতিশ্রুতির ফুলঝুরি ফুটিয়ে ক্ষমতায় এলেও কাজের বেলায় শূন্য। উল্টে সাধারণ মানুষের ঐক্য নষ্ট করতে রাজনীতির ময়দানে ধর্মকে হাতিয়ার করছে বিজেপি সরকার! রবিবার কলকাতার ধর্মতলায় ডিওয়াইএফআই (DYFI)-এর মেগা ইনকিলাব সমাবেশে ঠিক এই ভাষাতেই কেন্দ্র ও রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানালেন ডিওয়াইএফআই-এর প্রাক্তন সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim)। এদিনের সভা থেকে বাম যুব সংগঠনের মতাদর্শিক দৃঢ়তার কথা তুলে ধরে তিনি সাফ জানিয়ে দেন, যতই চক্রান্ত হোক না কেন, বামপন্থীদের পথ থেকে কেউ সরাতে পারবে না।

দিল্লির যন্তর মন্তর থেকে শুরু করে কলকাতার ধর্মতলার জমায়েত—সর্বত্রই দেশের তরুণ প্রজন্ম যে অন্যায়ের কাছে মাথা নত করতে নারাজ, তা এদিনের মঞ্চ থেকে স্পষ্ট করে দেন সেলিম। তৃণমূল ও বিজেপিকে (BJP) এক ব্র্যাকেটে ফেলে তাঁর কটাক্ষ, বর্তমান রাজনীতির অর্থ হয়ে দাঁড়িয়েছে ‘লেগে পড়ো’ বা ‘ভেগে পড়ো’। এই দুই দলই সেই সুবিধাবাদী রাজনীতিতে মগ্ন। অতীতের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও একসময় ধর্মকে রাজনীতির ময়দানে টেনে এনেছিলেন, কিন্তু রাজনীতির খেলায় হেরে গেলে শুধু ধর্ম দিয়ে কাউকে বাঁচানো যায় না।

ধর্মের স্বাধীনতার পক্ষে সওয়াল করলেও কোনো বিশেষ ধর্মকে অন্যের ওপর চাপিয়ে দেওয়ার তীব্র বিরোধিতা করেন মহম্মদ সেলিম। তাঁর দ্ব্যর্থহীন ঘোষণা—ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা মাতামাতি করা সরকারের কাজ নয়। সরকারের আসল কাজ হওয়া উচিত শিক্ষা, কর্মসংস্থান এবং ব্যবসা-বাণিজ্যের পরিকাঠামো ঠিক রাখা। কিন্তু বাস্তবে বিজেপি সরকার ভোটবাক্সের প্রতিশ্রুতি রক্ষা তো দূরে থাক, বেকারত্ব ও শিক্ষার সংকট ঢাকতে ধর্মের ভিত্তিতে বিভাজনের বিষ ছড়াচ্ছে।

এদিনের সমাবেশে বিজেপি-আরএসএস শিবিরকে আক্রমণ করে বাংলার ইতিহাস ও মনীষীদের অবমাননার প্রতিবাদ জানান সেলিম। কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতার লাইন উল্লেখ করে তিনি স্মরণ করান সেই ভয়ংকর দুর্ভিক্ষের দিনগুলির কথা, যখন সরকারি ব্যর্থতায় লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছিল। অথচ সেই ইতিহাস মুছে আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে হিরো সাজাতে গিয়ে কবি সুকান্তর ছবির গলায় জুতোর মালা পরানোর মতো লজ্জাজনক ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তিনি। নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, নেতাজি হিন্দু মহাসভা ও মুসলিম লিগ—উভয় তরফেরই ধর্মীয় রাজনীতির তীব্র নিন্দা করেছিলেন। যারা এই ধরনের নোংরা রাজনীতির মাধ্যমে বাংলা দখলের স্বপ্ন দেখছেন, বাংলার সচেতন মানুষ তাদেরই ছুড়ে ফেলে দেবে বলে হুঁশিয়ারি দেন এই বাম নেতা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *