Mausam Noor | ‘গনি খানের আদর্শেই শেষ নিঃশ্বাস ত্যাগ করব’, গাজোলে আবেগঘন প্রত্যাবর্তনের সভা মৌসমের – Uttarbanga Sambad

Mausam Noor | ‘গনি খানের আদর্শেই শেষ নিঃশ্বাস ত্যাগ করব’, গাজোলে আবেগঘন প্রত্যাবর্তনের সভা মৌসমের – Uttarbanga Sambad

ব্লগ/BLOG
Spread the love


গাজোল: দীর্ঘ কয়েক বছরের ব্যবধান ঘুচিয়ে ফের মালদহের মাটিতে কংগ্রেসের সেই পুরনো মেজাজে দেখা গেল মৌসম বেনজির নূরকে (Mausam Noor)। বুধবার গাজোল ব্লক কংগ্রেসের উদ্যোগে বিদ্রোহী মোড়ে আয়োজিত প্রতিবাদ সভায় হাজির হয়ে মৌসম শুধু বিজেপি বা তৃণমূলকে আক্রমণ করলেন না, বরং নিজের দলবদল নিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে এক বড়সড় শপথও নিলেন। এদিন তাঁর পাশে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি তথা দক্ষিণ মালদহের সাংসদ ইশা খান চৌধুরী।

২০১৯ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাওয়ার সিদ্ধান্ত যে ভুল ছিল, তা কার্যত স্বীকার করে নিয়ে মৌসম বলেন, “সেদিন দল ছেড়ে অনেককে কষ্ট দিয়েছিলাম। কিন্তু ৩ জানুয়ারি সেই দুঃখ ঘুচিয়ে ঘরে ফিরেছি। যাঁরা ভাবছেন আমি আবারও দলবদল করব, তাঁদের জানিয়ে দিই—বরকত সাহেবের (গনি খান চৌধুরী) (Ghani Khan Choudhury) কবরের মাটি ছুঁয়ে শপথ করেছি, যতদিন বেঁচে থাকব কংগ্রেসের হয়েই লড়ব।” তিনি আরও যোগ করেন, কোনো পদের লোভে নয়, বরং সাধারণ এক কর্মী হিসেবেই তিনি মানুষের সেবা করতে চান।

মৌসমের নিশানায় এদিন ছিল বর্তমান রাজ্য ও কেন্দ্র সরকার। তাঁর দাবি, বিজেপি ধর্মের নামে দেশ ভাগ করছে আর তৃণমূল রাজ্যে একই বিভাজনের রাজনীতি চালাচ্ছে। গাজোলবাসীর দীর্ঘদিনের অমীমাংসিত দাবি এবং এসআইআর (SIR) নিয়ে সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে এদিন বিডিও-র কাছে ডেপুটেশন জমা দেয় কংগ্রেস। বৃহস্পতিবার একই ইস্যুতে জেলাশাসকের দ্বারস্থ হবেন তাঁরা।

সাংসদ ইশা খান চৌধুরী রাজ্যের কর্মসংস্থান ও দুর্নীতি নিয়ে মমতা সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, “মালদহের ৫ লক্ষ মানুষ আজ ভিন রাজ্যে শ্রমিক হিসেবে খাটছেন। কারণ এই রাজ্যে কোনো শিল্প নেই। তৃণমূল সরকার কেবল চাকরি বিক্রি করতে জানে।” বিজেপি ও তৃণমূল—উভয়ের বিরুদ্ধে কংগ্রেস আগামী দিনে আরও তীব্র আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সভা শেষে কয়েক হাজার সমর্থকের এক বিশাল মিছিল গাজোল বিডিও অফিস ঘেরাও করে। এই কর্মসূচিতে প্রাক্তন বিধায়ক অর্জুন হালদার, মোত্তাকিন আলমসহ জেলা ও ব্লক স্তরের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *