উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাঙালির বারো মাসের খাদ্যতালিকায় ডাল-ভাতের জুড়ি মেলা ভার। বিশেষ করে সহজলভ্য এবং সুস্বাদু হওয়ায় মুসুর ডালই (Masoor Dal) আমাদের প্রথম পছন্দ। প্রোটিন ও ফাইবারে ঠাসা এই ডাল পুষ্টির খনি হলেও, সবার শরীরের জন্য এটি আশীর্বাদ নাও হতে পারে। নির্দিষ্ট কিছু শারীরিক সমস্যায় মুসুর ডাল উপকারের চেয়ে অপকারই বেশি করে।
কাদের জন্য মুসুর ডাল ঝুঁকিপূর্ণ?
হজম ও গ্যাসের সমস্যা: মুসুর ডাল ফাইবার সমৃদ্ধ হলেও এতে থাকা নির্দিষ্ট শর্করা সবার সহজে হজম হয় না। ফলে অন্ত্রে দীর্ঘক্ষণ জমে থেকে গ্যাস, অ্যাসিডিটি বা পেট ফাঁপার মতো অস্বস্তি তৈরি করতে পারে।
কিডনির সমস্যা: যাঁদের কিডনিতে পাথর হওয়ার প্রবণতা রয়েছে, তাঁদের জন্য এই ডাল বিপজ্জনক হতে পারে। এতে থাকা ‘অক্সালেট’ পাথর তৈরির ঝুঁকি বাড়ায়। এছাড়া কিডনি দুর্বল হলে ডালের পটাশিয়াম ও প্রোটিন রক্তে জমে হিতে বিপরীত হতে পারে।
ইউরিক অ্যাসিড ও বাতের ব্যথা: মুসুর ডালে প্রচুর পরিমাণে ‘পিউরিন’ থাকে। বিপাক প্রক্রিয়ার সময় এই পিউরিন ভেঙে রক্তে ইউরিক অ্যাসিড তৈরি করে। যা অস্থিসন্ধিতে জমে তীব্র ব্যথা ও প্রদাহ সৃষ্টি করে। তাই বাতের সমস্যা থাকলে এই ডাল এড়িয়ে চলাই শ্রেয়।
পুষ্টিবিদের মতে, যেকোনো খাবারই সবার জন্য সমান উপকারী নয়। শরীরের প্রয়োজন ও সীমাবদ্ধতা বুঝে তবেই ডায়েট চার্ট সাজানো উচিত। বিশেষ করে ক্রনিক কোনও রোগ থাকলে মুসুর ডাল খাওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
