উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় যবনিকা পড়ল নিকোলাস মাদুরোর দীর্ঘ শাসনের। শনিবার এক নাটকীয় অভিযানে মার্কিন বাহিনীর হাতে বন্দি হয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই এক্স (পূর্বের টুইটার) হ্যান্ডেলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশটির বিরোধী নেত্রী তথা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদো (Maria Corina Machado)। তিনি লিখেছেন, “ভেনেজুয়েলাবাসী, মুক্তির মাহেন্দ্রক্ষণ (HOUR OF FREEDOM) উপস্থিত!”
২০২৪ সালের জুলাই মাসে বিতর্কিত নির্বাচনের পর থেকেই আত্মগোপনে ছিলেন মাচাদো। মাদুরোর গ্রেপ্তারির পর তিনি দাবি তুলেছেন যে, বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়াকে অবিলম্বে সাংবিধানিক নিয়ম মেনে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করতে হবে। বিরোধীদের দাবি, গত নির্বাচনে গঞ্জালেজই বিপুল ভোটে জয়ী হয়েছিলেন, কিন্তু কারচুপির মাধ্যমে মাদুরো ক্ষমতা দখল করে রাখেন।
২০২৪ সালের নির্বাচনে জাতীয় নির্বাচনী কাউন্সিল মাদুরোকে জয়ী ঘোষণা করলেও কোনো সঠিক ভোটগণনা প্রকাশ করেনি। সাইবার হামলার অজুহাতে ফলাফল গোপন রাখা হয়েছিল। আমেরিকা সহ পশ্চিমী দুনিয়া ২০১৮ এবং ২০২৪—উভয় নির্বাচনকেই ‘প্রহসন’ ও ‘প্রতারণামূলক’ হিসেবে চিহ্নিত করেছিল। মাচাদো নিজে নির্বাচনে লড়তে অযোগ্য ঘোষিত হওয়ায় শেষ মুহূর্তে গঞ্জালেজকে প্রার্থী করা হয়েছিল।
মারিয়া করিনা মাচাদোকে শেষবার জনসমক্ষে দেখা গিয়েছিল গত মাসে। দীর্ঘ ১১ মাস আত্মগোপন করার পর তিনি নরওয়েতে উপস্থিত হয়ে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেন। মাচাদোর এই প্রত্যাবর্তন এবং মাদুরোর গ্রেপ্তারি, ভেনেজুয়েলার রাজনীতিতে এক নতুন ভোরের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
বর্তমানে কারাকাস সহ ভেনেজুয়েলার প্রধান শহরগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে মার্কিন প্রশাসন ও ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন নেতৃত্বের মধ্যে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
