উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : পুলিশের জালে ধরা পড়লেন সিপিআই (মাওবাদী)-র এক মাত্র সক্রিয় সদস্য অসীম মণ্ডল ওরফে আকাশ ওরফে তিমির ওরফে মনোজ। তাঁর মাথার দাম ছিল ১ কোটি টাকা। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার ভোরে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এলাকার কোনও একটি জায়গা থেকে আকাশকে গ্রেপ্তার করা হয়। যদিও এখনও পর্যন্ত এবিষয়ে রাজ্য পুলিশের তরফে কিছু জানানো হয়নি।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ফুলচকের বাসিন্দা অসীম আটের দশকে ছাত্র জীবন থেকেই অতি বামপন্থী কার্যকলাপে যুক্ত হয়ে পড়েন। ২০০৪ সালের ২১ সেপ্টেম্বর সিপিআই (মাওবাদী) গঠন হওয়ার পর জঙ্গলমহলে পুরোদমে কাজ শুরু করেন। লালগড় আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভুমিকা ছিল তাঁর। ফলে ২০১০ সালে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদকের দায়িত্ব পান তিনি। আকাশের স্ত্রী পটাশপুরের বাসিন্দা। তিনিও সিপিআই (মাওবাদী)-এর সক্রিয় কর্মী ছিলেন। ২০১০ সালে কলকাতা পুলিশের টাস্ক পুলিশের হাতে গ্রেপ্তার হন। বর্তমানে তিনি জেলেই আছেন। জায়গা বদল করে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিলেন আকাশ। কিন্তু শেষরক্ষা হল না।
