উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ‘খেলরত্ন’ মনু ভাকেরের মামা এবং দিদিমা। রবিবার ঘটনাটি ঘটেছে হরিয়ানার মহেন্দ্রগড় জেলার বাইপাস রোডে। সূত্রের খবর, এদিন এই দুজন স্কুটিতে করে যাওয়ার সময় উলটো দিক থেকে আসা একটি গাড়ি তাঁদের ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। ঘটনাটির পরেই অভিযুক্ত চালক সেখান থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে।
এদিন ঘটনাটির খবর পাওয়া মাত্রই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। দেহ দুটিকে উদ্ধার করে ইতিমধ্যেই পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। অভিযুক্ত চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনার খবর পেয়েই মহেন্দ্রগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে মনুর পরিবার।
সূত্রের খবর, এদিন মনুর মামা যুদ্ধবীর তাঁর মা সাবিত্রী দেবীকে ছোট ভাইয়ের বাড়িতে পৌঁছে দিতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। মনু ভাকরের দিদিমা একজন জাতীয় স্তরের খেলোয়ার ছিলেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, মনু ভাকের(Manu Bhaker) কিছুদিন আগেই ‘খেলরত্ন’ পুরষ্কার পেয়েছেন। আর এরই মধ্যে এমন ঘটনায় স্বাভাবিক ভাবেই শোকের ছায়া নেমে এসেছে মনুর পরিবারে।
