উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলা সাহিত্যজগতে একটি যুগের অবসান হলো। ৯২ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায় (Manishankar Mukherjee Passes Away)। সাধারণ মানুষের কাছে যিনি পরিচিত ছিলেন ‘শংকর’ (Shankar) ছদ্মনামে। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। ব্রেন টিউমারে ভুগছিলেন। বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাঁর প্রয়াণে বাংলার সংস্কৃতি ও মনন জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।
জীবন ও সাহিত্যকৃতি
১৯৩৩ সালে অধুনা বাংলাদেশের যশোরে জন্ম নেওয়া মণিশংকর মুখোপাধ্যায়ের লেখনী গত কয়েক দশক ধরে বাঙালি পাঠককে আবিষ্ট করে রেখেছিল। তাঁর অবিস্মরণীয় সৃষ্টি ‘চৌরঙ্গী’ আজও বিশ্বসাহিত্যের আঙিনায় অন্যতম মাইলফলক হিসেবে পরিচিত। এ ছাড়াও ‘কত অজানা রে’, ‘জন অরণ্য’, ‘সীমাবদ্ধ’-এর মতো কালজয়ী উপন্যাসগুলি তাঁকে অমর করে রাখবে।
পুরস্কার ও স্বীকৃতি
সাহিত্যজগতে তাঁর অসামান্য অবদানের জন্য পেয়েছেন বহু সম্মান। দীর্ঘ প্রতীক্ষার পর ২০২১ সালে তিনি তাঁর ‘একা একা একাশি’ বইটির জন্য লাভ করেন মর্যাদাপূর্ণ সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সাহিত্যের সঙ্গেই যুক্ত ছিলেন। তাঁর বহু উপন্যাস বড়পর্দায় নিয়ে এসেছেন কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায় ও তরুণ মজুমদারের মতো ব্যক্তিত্বরা।
শোকের ছায়া
তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) সহ বিশিষ্ট সাহিত্যিক ও শিল্পী মহল।
বাংলার প্রখ্যাত সাহিত্যিক মণি শঙ্কর মুখোপাধ্যায় (শংকর)-এর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর প্রয়াণে বাংলা সাহিত্য জগতের একটি উজ্জ্বল নক্ষত্রের পতন হল।
‘চৌরঙ্গী’ থেকে ‘কত অজানারে’, ‘সীমাবদ্ধ’ থেকে ‘জনঅরণ্য’—তাঁর কালজয়ী সৃষ্টিগুলি প্রজন্মের পর প্রজন্ম বাঙালি পাঠককে মুগ্ধ…
— Mamata Banerjee (@MamataOfficial) February 20, 2026
আজ দুপুরে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে সাহিত্যপ্রেমীদের মধ্যে। সহজ-সরল ভাষায় সাধারণ মানুষের অকথিত গল্প শোনানোর যে জাদুকরী ক্ষমতা তাঁর ছিল, তা চিরকাল তাঁকে পাঠকের মনে বাঁচিয়ে রাখবে। ‘চৌরঙ্গী’-র সেই জাঁকজমক আর ‘কত অজানা রে’-র সেই বিচিত্র কাহিনীকার এবার পাড়ি দিলেন অনন্তের পথে।
