আজাদ, মানিকচক: আগামী বিধানসভা নির্বাচনে (West Bengal Election 2026) মানিকচকের (Manikchak) কংগ্রেসের কর্মী-সমর্থকদের সমর্থন তাঁর ঝুলিতেই থাকবে। এমনটাই দাবি করলেন মানিকচকের বামফ্রন্ট প্রার্থী দেবজ্যোতি সিনহা। বেশ কিছুদিন আগে রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই বিজেপি, তৃণমূল ও বাম তাদের প্রার্থীতালিকা প্রকাশ করেছে। তবে এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি কংগ্রেসের প্রার্থীতালিকা। তা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যেও। এদিকে এমন পরিস্থিতিতে বামফ্রন্ট প্রার্থীর এই মন্তব্যকে ঘিরে জোর শোরগোল পড়ে গেল মানিকচকের রাজনীতিতে। যদিও বাম প্রার্থীর দাবি মানতে নারাজ মানিকচকের কংগ্রেস (Congress) নেতৃত্ব।
এবিষয়ে মানিকচক ব্লক কংগ্রেসের সভাপতি মতিউর রহমান বলেন, ‘গত নির্বাচনগুলি আসন সমঝোতার ভিত্তিতে হয়েছিল। সেকথা এবার বলে লাভ হবে না। আগামী ২৮ মার্চ আমাদের প্রার্থীতালিকা ঘোষণা হবে। তারপর আমরা নিজেদের প্রার্থীর সমর্থনে ভোট প্রচার করব। তার আগে আমরা বৃহস্পতিবার থেকে দলের সমর্থনে প্রচারে নামব।’ রাজ্যের অন্য বিধানসভার পাশাপাশি মানিকচকেও প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল, বিজেপি ও সিপিএম। জোরকদমে প্রচার চলছে। তার মধ্যে বুধবার প্রচারে বেরিয়ে কংগ্রেস কর্মীরা তাঁর পাশে রয়েছেন বলে দাবি করেন দেবজ্যোতি। এবিষয়ে দেবজ্যোতি বলেন, ‘আমরা কংগ্রেস নেতৃত্ব এবং কর্মীদের বলেছি যে সিপিএম মোত্তাকিন আলম, ইশা খান চৌধুরীকে জিতিয়েছে। তাঁরাও যেন এবার আমাকে জয়লাভ করতে সহায়তা করেন। কর্মী-সমর্থকরা আমাকে আশ্বস্ত করেছেন যে তাঁরা আমার পাশে রয়েছেন। লাল ঝান্ডার জয় নিশ্চিত।’
গত দুটি বিধানসভা ও লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে বামেদের জোটের কারণে কংগ্রেসের প্রার্থী দেওয়া হয়েছিল। ২০১৬ সালে বিধানসভা এবং ২০১৯ ও ২০২৪ লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিল কংগ্রেস। তাদের হয়ে গলা ফাটিয়ে প্রচার করেছে বামফ্রন্ট নেতৃত্ব। সেই সুবাদে কংগ্রেসের এবার ঋণ পরিশোধের পালা বলেই মনে করা হচ্ছে বাম নেতৃত্বের তরফে। ইতিমধ্যে মানিকচকের নুরপুর, এনায়েতপুর, ধরমপুর, মিলকি সহ বিভিন্ন এলাকার কংগ্রেস কর্মীদের সঙ্গে বামেদের কথা হয়েছে বলে জানা গিয়েছে।
