উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই উত্তরবঙ্গকে পাখির চোখ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee election marketing campaign)। মঙ্গলবার জলপাইগুড়ির চালসায় বাতাবাড়ি মহাবারি চার্চের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করলেন তিনি। এই প্রথম রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী চালসার এই চার্চে পা রাখলেন, যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
চার্চের ফাদারের সঙ্গে কুশল বিনিময় এবং প্রার্থনা সঙ্গীতে গলা মেলানোর পর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “আমি জাতপাতের রাজনীতি করি না। বাংলায় সব ধর্মের সমান অধিকার এবং সম্মান আছে। আমরা সব উৎসবে একসাথে মেতে উঠি।” নির্বাচনী আচরণবিধি কার্যকর থাকায় এদিন বড় কোনো ঘোষণা না করলেও, মুখ্যমন্ত্রী জানান যে আগামীতে ক্ষমতায় এলে ‘গুড ফ্রাইডে’-তে সরকারি ছুটির বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে চিন্তাভাবনা করা হবে।
চা শ্রমিক অধ্যুষিত চালসা এলাকায় এদিন ধামসা-মাদলের তালে আদিবাসী নৃত্যের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে বরণ করে নেওয়া হয়। মুখ্যমন্ত্রী নিজেও সেই উৎসবে সামিল হন। অনুষ্ঠান শেষে স্থানীয় চা শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি, শোনেন তাঁদের সমস্যার কথা। উত্তরবঙ্গের চা বলয় এবং আদিবাসী ভোটব্যাংক ধরে রাখাই যে তৃণমূল নেত্রীর মূল লক্ষ্য, তা এদিনের ঠাসা কর্মসূচি থেকেই স্পষ্ট।
গত নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপি ভালো ফল করলেও, এবার শুরু থেকেই মাটি কামড়ে পড়ে থাকতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চার্চের পবিত্র পরিবেশ থেকে সম্প্রীতির এই বার্তা আসলে পাহাড় ও সমতলের মানুষের মধ্যে বিভেদ ঘোচানোরই একটি কৌশলী পদক্ষেপ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
