উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা বিরোধীদের আন্দোলনের উত্তাপ চরম সীমায় পৌঁছে গেল দেশের রাজধানীতে। দিল্লির সাউথ অ্যাভিনিউ এলাকা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee detained) বেআইনি জমায়েতের অভিযোগে আটক করেছে দিল্লি পুলিশ। সূত্রের খবর, ভোট চুরির অভিযোগ তুলে শনিবার সাউথ অ্যাভিনিউয়ে মমতা ও তাঁর দলের নেতারা ধর্নায় বসেন। সেখান থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আটক করা হয়েছে বলে খবর।
ভোটার তালিকায় ব্যাপক কারচুপি এবং বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া (এসআইআর) (SIR)-এ অনিয়মের প্রতিবাদে বিরোধী শক্তিগুলোর সম্মিলিত প্রতিবাদের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দিল্লি। রাজধানী জুড়ে আগে থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকলেও বিক্ষোভকারীরা একাধিক জায়গায় জমায়েত হওয়ার চেষ্টা করেন। সাউথ অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় তৃণমূল নেতৃত্বের অবস্থান এবং মিছিল চলাকালীনই দিল্লি পুলিশ তৎপর হয়ে ওঠে। এলাকায় জারি থাকা বিধিনিষেধ অমান্য করে বেআইনি জমায়েত করার অভিযোগে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করে নিয়ে যায়।
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণের দাবিতে ‘ইন্ডিয়া’ জোট সহ একাধিক বিরোধী দলের আন্দোলন ইতিমধ্যেই রাজনৈতিক সংঘাতকে চরম পর্যায়ে নিয়ে গিয়েছিল। তার মধ্যে তৃণমূলের এই শীর্ষনেতার আটকের খবর ছড়িয়ে পড়তেই রাজধানীতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিরোধী দলগুলির অভিযোগ, গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করার মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং পুলিশ বাহিনীকে ব্যবহার করে কণ্ঠরোধ করার চেষ্টা চালানো হচ্ছে।
এদিকে, আইনশৃঙ্খলা বজায় রাখতে দিল্লির বিভিন্ন প্রান্তের মতো সাউথ অ্যাভিনিউ এলাকাতেও বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী মোতায়েন রাখা হয়েছে। সাউথ অ্যাভিনিউ থেকে তৃণমূল নেত্রী সহ হেভিওয়েট নেতাদের আটক করার পর রাজধানীজুড়ে রাজনৈতিক উত্তাপ আরও কয়েক গুণ বেড়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

