হরষিত সিংহ, মালদা: আর পাঁচটা খেলার মতো মালদায় আগ্রহ বাড়ছে সফট টেনিস (Tender Tennis) নিয়ে। মাত্র কয়েক বছর আগেও যেখানে এই খেলার অংশগ্রহণের হার ছিল নগণ্য। কিন্তু এখন সেই খেলাকে কেন্দ্র করে মালদার (Malda) নাম উজ্জ্বল হচ্ছে।
আসন্ন জাতীয় সাব-জুনিয়ার চ্যাম্পিয়নশিপ (Nationwide Championship) প্রতিযোগিতায় বাংলা দলে সুযোগ করে নিয়েছে জেলার নয়জন। এদের মধ্যে ছেলেদের দলে তিনজন ও মেয়েদের দলে ছয়জন রয়েছে। এরা প্রত্যেকেই দুঃস্থ মধ্যবিত্ত পরিবারের। কারও বাবা পরিযায়ী শ্রমিক, আবার কারও বাবা দিনমজুর বা ক্ষুদ্র ব্যবসায়ী। তারা স্থানীয় প্রতিযোগিতার গণ্ডি পেরিয়ে সুযোগ করে নিয়েছে জাতীয় স্তরের প্রতিযোগিতায়।
ছেলেদের দলে মালদা (Malda Information) থেকে সুযোগ পেয়েছে সুব্রত রায়, আকাশ রাজবংশী ও ধ্রুবজ্যোতি মণ্ডল। মেয়েদের দলে রয়েছে সৃষ্টি মণ্ডল, চায়না হালদার, অনুশ্রী স্বর্ণকার, জয়শ্রী দাস, বৃষ্টি পাল, শ্রী দাস। এদের মধ্যে ধ্রুবজ্যোতি মণ্ডল ও সৃষ্টি মণ্ডল এই নিয়ে দুইবার বাংলা দলে সুযোগ পেল।
২৭ থেকে ৩১ ডিসেম্বর ওডিশার ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামে ওই চ্যাম্পিয়নশিপ হবে। অ্যামেচার সফট টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে ও ওডিশার সফট টেনিস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ওই প্রতিযোগিতাটি হচ্ছে। বৃহস্পতিবার মালদার ওই নয়জন খেলোয়াড় বাংলা দলের সঙ্গে যোগ দিতে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছে।
সৃষ্টি মণ্ডল, ধ্রুবজ্যোতি মণ্ডলদের কথায়, ‘এই নিয়ে দুইবার সুযোগ পেলাম। আগামীতে আরও ভালো খেলতে চাই। দেশের হয়ে খেলার ইচ্ছে রয়েছে। আশা করছি ভালো ফল করতে পারব।’
শুধু সাব-জুনিয়ার নয়। চলতি বছরে সিনিয়ার বাংলা দলেও মালদার সফট টেনিস খেলোয়াড়রা সুযোগ পেয়েছিলেন। আগামীতে এই খেলায় মালদার আরও অগ্রগতির অপেক্ষায় জেলা ও রাজ্য স্তরের কর্মকর্তারা।
রাজ্য সফট টেনিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরশাদ কামিল বলেন, ‘মালদার কোচ অসিত পালের তত্ত্বাবধানে এই খেলার অগ্রগতি খুব ভালো হচ্ছে। ইতিমধ্যে মালদার দুই খেলোয়াড় জাতীয় ক্যাম্পে সিলেকশন হয়েছে। অনেক উঠতি প্রতিভা এই খেলার প্রতি আগ্রহ বাড়াচ্ছে। তবে এখনও পরিকাঠামোগত সমস্যা রয়েছে।’
