সামসী: সাবমার্সিবল পাম্প বসানো বাবদ দুটি স্কিমের অর্থ লোপাট করার অভিযোগ উঠেছিল মালদার (Malda) চাঁচল-২ (Chanchal) ব্লকের চন্দ্রপাড়া পঞ্চায়েতের প্রধান ছবি সরকারের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের হতেই সাবমার্সিবল পাম্প বসানোর কাজ শুরু করে দিলেন প্রধান।
নওদাপাড়ার বাসিন্দা তথা পঞ্চায়েত সদস্য সুফিয়া খাতুন জানান, পানীয় জলের জন্য দুটি সাবমার্সিবল পাম্প বসানোর স্কিম ধরা হয়েছিল। স্কিম দুটির চূড়ান্ত অনুমোদনও মেলে। কিন্তু স্কিম দুটির বরাদ্দ অর্থ লোপাট হয়ে যায়। এনিয়ে প্রধানের বিরুদ্ধে লিখিতভাবে বিডিও ও এসডিও ও পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন বলে জানিয়েছেন তিনি। কিন্তু প্রশাসন পদক্ষেপ না নেওয়ায় চাঁচল মহকুমা আদালতের দ্বারস্থ হন সুফিয়া খাতুন। ১৯ মার্চের মধ্যেই প্রশাসনের কাছে রিপোর্ট চেয়েছে আদালত। এরপর নড়েচড়ে বসে প্রশাসন।
এবার চাপে পড়ে চন্দ্রপাড়া পঞ্চায়েত এলাকায় পানীয় জলের জন্য রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে সাবমার্সিবল পাম্প বসানোর কাজ শুরু করেছেন প্রধান। যদিও এবিষয়ে পঞ্চায়েত প্রধান ছবি সরকার সাফ জানান, অভিযোগ ভিত্তিহীন। চাঁচল-২ ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী জানান, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সব দেখে আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে।
