মালদা: শনিবার রাজ্যজুড়ে চূড়ান্ত ভোটার তালিকা (Ultimate Voter Listing) প্রকাশিত হতেই মালদা জেলায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে (Malda)। প্রকাশিত তথ্য অনুযায়ী, মালদা জেলায় ১৮ হাজার ২৮২ জনের নাম তালিকা থেকে বাদ পড়েছে। তবে সবথেকে উদ্বেগের বিষয় হল, প্রায় ৮ লক্ষ ২৮ হাজার ৮০ জন ভোটারের ভাগ্য এখন বিচারবিভাগীয় তথ্য যাচাইয়ের ওপর নির্ভর করছে।
সকাল থেকেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে মালদা জেলাবাসীর মধ্যে ছিল চরম উৎকণ্ঠা। তবে তালিকা প্রকাশের পরও নির্বাচন কমিশনের ওয়েবসাইট বিভ্রাটের কারণে বেশিরভাগ মানুষই জানতে পারেননি তাঁদের নাম তালিকায় থাকল না বাদ গেল। তবে বিকেলে মালদা জেলা প্রশাসনের তরফে এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকার একটা তথ্য দেওয়া হয়। তাতে দেখা যায়, মালদা জেলায় বর্তমানে মোট ভোটার সংখ্যা ২৯ লক্ষ ৮৬ হাজার ২০৩। এদিনের প্রকাশিত তালিকায় দেখা যায়, গাজোলে ৫২৬৩ জন, হবিবপুরে ৪০৪৯ জন, পুরাতন মালদায় ৪০৫৩ জন এবং ইংরেজবাজারে ১৪১৫ জনের নাম বাদ গিয়েছে।
এই তালিকা ঘিরে জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। সিপিএম জেলা সম্পাদক কৌশিক মিশ্রের অভিযোগ, আরএসএস-এর নির্দেশে কমিশন পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের টার্গেট করেছে। এর জন্য তৃণমূলকেও দায়ী করেন তিনি।
জেলা কংগ্রেস সভাপতি ইশাখান চৌধুরীর বলেন, ‘৮ লক্ষ ভোটারের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। প্রতিটি ব্লক থেকে গড়ে ৫০ হাজার নাম বাদ পড়তে পারে। এর জন্য কমিশন, বিজেপি ও তৃণমূল দায়ী।’ জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসু অবশ্য বিচারবিভাগীয় ব্যবস্থার ওপর আস্থা রাখার কথা জানিয়েছেন। তাঁর দাবি, বিজেপির চক্রান্ত শেষ পর্যন্ত ব্যর্থ হবে।
