Malda | নাগপুরের কমলায় ছেয়েছে মালদার বাজার

Malda | নাগপুরের কমলায় ছেয়েছে মালদার বাজার

খেলাধুলা/SPORTS
Spread the love


হরষিত সিংহ, মালদা: মরশুমের শুরুতেই নাগপুরের কমলালেবুতে (Orange) ছেয়েছে মালদার (Malda) বাজার। একসময় কমলা মানেই দার্জিলিংয়ের (Darjeeling) নাম শোনা যেত। কিন্তু বর্তমানে শুধুমাত্র দার্জিলিং নয়, দেশের বিভিন্ন প্রান্তে কমলা চাষ হচ্ছে। যদিও স্বাদে গন্ধে এখনও দার্জিলিংয়ের কমলারই সুনাম রয়েছে। ঠ্যালাগাড়ি থেকে ভ্যান, সব জায়গাতেই বিক্রি হচ্ছে এই কমলা।

ফল বিক্রেতা মৃণাল মণ্ডলের কথায়, ‘শীত পড়তেই কমলার চাহিদা বাড়ে। এবারেও এখন থেকেই ভালো বিক্রি হচ্ছে। তবে এখন কমলালেবু নাগপুর থেকেই আসছে। দার্জিলিংয়ের কমলা এখনও আসেনি।’ মালদা শহরের বাজারে বর্তমানে ৭০-৮০ টাকা কেজি দরে নাগপুরের কমলা বিক্রি হচ্ছে। তবে ক্রেতাদের অভিযোগ, অনেক সময় বিক্রেতারা নাগপুর বা অন্য জায়গার কমলা দার্জিলিংয়ের বলে বিক্রি করছেন। সেইজন্য বোকা হতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। ক্রেতা অজিত দাস বলেন, ‘মোটামুটি কমলালেবু চিনি। এখন তো নাগপুরের কমলা পাওয়া যাচ্ছে। তবুও অনেক সময় বিক্রেতারা বলছেন দার্জিলিংয়ের কমলা। কেনার সময় যাচাই করে কিনে নিতে হচ্ছে।’

নাগপুর ও দার্জিলিং কমলার মধ্যে অনেকটা তফাত রয়েছে বলে দাবি উদ্যানপালন দপ্তরের কর্তাদের। মালদা জেলা উদ্যানপালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক বলেন, ‘হ্যাঁ, এখন বাজারে নাগপুরের কমলা বেশি বিক্রি হচ্ছে। দার্জিলিংয়ের কমলা কিছুদিন পর বাজারে আসবে। তবে দুই কমলার মধ্যে বেশ কিছু তফাত রয়েছে। একটু সতর্ক হলেই সাধারণ মানুষ চিনতে পারবেন।’

এখন নাগপুর, পঞ্জাব থেকে আসা কমলালেবু ৭০ থেকে খুব বেশি হলে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আগামীতে আরও দাম কম হবে। দার্জিলিংয়ের কমলালেবুর খোসা সহজে ছাড়ানো যায় না। অপরদিকে, নাগপুরের কমলালেবুর খোসা সহজেই ছাড়ানো যায়। দার্জিলিংয়ের কমলালেবুর গায়ে খোসা শক্তভাবে এঁটে থাকে। দ্বিতীয়ত, কমলালেবুর গন্ধ শুঁকে যে কেউ বুঝতে পারবেন কোনটি দার্জিলিংয়ের কমলা আর কোনটি অন্য জায়গার। দার্জিলিংয়ের কমলার সুগন্ধ বেশি হয়। কারণ পাহাড়ের কমলালেবুতে রাসায়নিক বা অন্য কেমিক্যাল কম ব্যবহার করা হয়। তুলনায় নাগপুর বা পঞ্জাবের কমলালেবুর সুগন্ধ একটু কম। কমলালেবুর রং দেখেও যে কেউ চিনতে পারবেন কোনটি দার্জিলিংয়ের কমলা। বিশেষজ্ঞরা বলছেন, দার্জিলিংয়ের কমলালেবু দেখতে গাঢ় কমলা রংয়ের হয়। আর নাগপুরের কমলালেবুতে হলুদ ভাবটা বেশি থাকে। দোকানে কিনতে যাওয়ার সময় সাধারণ এই তিনটি বিষয় খতিয়ে দেখলেই সহজে যে কেউ চিনতে পারবেন কমলালেবু।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *