মালবাজার : বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) আবহে এক মহিলা বিএলও (বুথ লেভেল অফিসার)-র ঝুলন্ত দেহ উদ্ধার হল। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মালবাজার থানার রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের নিউ গ্লেনকো চা বাগানে। মৃতের নাম শান্তিমুনি এক্কা (৪৮)। পরিবারের দাবি, এসআইআর সংক্রান্ত অতিরিক্ত কাজের চাপে আত্মঘাতী হয়েছেন তিনি। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এবিষয়ে বিডিও রশ্মীদীপ্তি বিশ্বাসকে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য মেলেনি। তবে ব্লক প্রশাসনের কর্তারা মৃতের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শান্তিমুনি একজন অঙ্গনওয়াড়ি কর্মী। তাঁকে বিএলও-র দায়িত্ব দেওয়া হয়েছিল। বুধবার সকালে বাড়ির উঠোন থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃতের স্বামী সুখু এক্কা জানিয়েছেন, শান্তিমুনি হিন্দি মাধ্যমে পড়াশোনা করেছেন। সেকারণে তিনি বাংলা লিখতে না পড়তে জানতেন না। প্রায় প্রতিদিন কাজের চাপে নাজেহাল হয়ে ফিরতেন তিনি। সম্প্রতি চাপ এতটা বেড়ে গিয়েছিল যে বাড়ি ফিরে কান্নায় ভেঙে পড়তেন। পরিবারের অভিযোগ, শান্তিমুনি বেশ কয়েকবার মালের জয়েন্ট বিডিও-র কাছে বিএলও পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন। কিন্তু তাঁর আবেদন গ্রহণ করা হয়নি।
ঘটনার খবর পেয়ে এদিন সকালে মৃতার বাড়িতে আসেন মালের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বুলু চিকবড়াইক। তিনি বলেন, ‘এসআইআর আতঙ্কে অনেক ভোটার আত্মঘাতী হওয়ার খবর পাওয়া গিয়েছে ইতিমধ্যে। এবার কাজের চাপে একজন বিএলও প্রাণ হারালেন। এর দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে।’ তদন্তে নেমেছে মালবাজার থানার পুলিশ।
