মালবাজার: দুর্গাপুজোর মতন কালীপুজোর ইতিহাস বেশ প্রাচীন মালবাজারের(Malbazar) দয়াময়ী কালী বাড়িতে। কষ্টি পাথরের মূর্তিতে সাড়ম্বরে মা কালীর বাৎসরিক পুজো হয় এখানে। মালবাজার শহরের প্রাচীন ইতিহাস থেকে জানা গেছে, ১৯১০ সাল নাগাদ মালবাজার শহরের সম্ভ্রান্ত ঘোষ বংশের সদস্য উপেন্দ্রনাথ ঘোষ মালবাজার বাটাইগোল বাজার এলাকায় ব্যক্তিগত উদ্যোগে এই কালীবাড়ির প্রতিষ্ঠা করেন। তবে সেই সময় টিনের একচালা মন্দিরে শুরু হয়েছিল কালী পুজো। ডাকাতদের উপদ্রব থেকে বাঁচতে মাটির প্রতিমায় কালী পুজো হতো। ব্রিটিশ ভারতে তৎকালীন ডুয়ার্সের এটি ছিল অন্যতম মন্দির। ৬০ এর দশকে বেনারস থেকে কষ্টি পাথরের মূর্তি এনে স্থাপন করা হয় মন্দিরে। কালী পুজোর দায়িত্ব সামলাচ্ছেন কালীবাড়ির প্রধান পুরোহিত গৌরাঙ্গ ঘটক। তিনি জানিয়েছেন, ‘একসময়ে মালবাজার(Malbazar) শহরে এই মন্দিরেই একমাত্র মা কালীর পুজো হতো, পুজোর ইতিহাস সঠিক কতটা প্রাচীন তা কেউ জানে না।’
