উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একের পর এক নারীঘটিত কেলেঙ্কারি এবং আইনি জটিলতায় জড়িয়েও স্বভাবে বদল নেই বাংলাদেশের বিতর্কিত গায়ক (Bangladeshi Singer) মইনুল আহসান নোবেলের (Mainul Ahsan Nobel)। বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ ও ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে সোমবার গ্রেপ্তার হওয়ার পর মঙ্গলবার জামিন (Bail) পেয়েছেন তিনি। তবে আদালত চত্বরে দাঁড়িয়ে তাঁর মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তিনি সাফ বলেন, ‘মানুষ মাত্রই ভুল হয়। এবার হয়েছে, আরও একবার হতে পারে!’
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। গত ১৩ অগাস্ট ঢাকার সিএমএম আদালতে এক নারী তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগ ছিল, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া এবং আপত্তিকর ভিডিওর মাধ্যমে ব্ল্যাকমেল করা। এই মামলায় নোবেলের স্ত্রী ইসরাত জাহান এবং তাঁর মা নাজমা হোসেনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত।
মঙ্গলবার আপসের শর্তে জামিন মেলার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অদ্ভুত যুক্তি দেন গায়ক। অনুশোচনার বদলে তিনি দাবি করেন, মানুষ হিসেবে ভুল করাটা স্বাভাবিক এবং ভবিষ্যতেও এমন ভুল হওয়ার সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না। এই সময় অনুরাগী ও শ্রোতাদের কাছে ক্ষমা চেয়ে আদালত চত্বরেই গেয়ে ওঠেন ‘মেহেরবান’ গানটি।
তবে পরিস্থিতি সবসময় শান্ত ছিল না। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ব্যক্তিগত জীবন ও একাধিক বিয়ে নিয়ে প্রশ্ন করায় মেজাজ হারিয়ে সাংবাদিকদের প্রতি অশালীন মন্তব্য করছেন নোবেল। পুলিশের তদন্তকারী সংস্থা পিবিআই-এর রিপোর্টের ভিত্তিতেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল। জামিন পেলেও নোবেলের এমন বেপরোয়া আচরণ ও মন্তব্যে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
