উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৫ ডিসেম্বর ছিল মধ্যপ্রদেশ (Madhya Pradesh) বিধানসভার শীতকালীন অধিবেশনের (Winter Session) শেষদিন। কিন্তু শেষদিনের অধিবেশনেই উপস্থিত ছিলেন না ১৪ জন বিধায়ক (MLA)। কারণ, এই ১৪ জন বিধায়ক গিয়েছিলেন বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে! মধ্যপ্রদেশ বিধানসভার এই ঘটনায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
শীতকালীন অধিবেশনের শেষদিনে প্রশ্নোত্তর পর্ব হওয়ার কথা। সেই মতো কঠিন প্রশ্নের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত ছিলেন মন্ত্রীরা। কিন্তু শেষ পর্যন্ত যে বিধায়করা প্রশ্নগুলি করবেন, তাঁদের বেশিরভাগই অধিবেশনে অনুপস্থিত ছিলেন। ফলে প্রশ্নোত্তর পর্বও শেষ হয়ে যায় অনেকটা তাড়াতাড়ি। বিজেপি, কংগ্রেস এবং এমনকি ভারত আদিবাসী পার্টির একমাত্র বিধায়ক সহ মোট ১৪ জন বিধায়ক অনুপস্থিত ছিলেন অধিবেশনে।
বিধায়কদের নাম পড়ে শোনানোর সময় খালি বেঞ্চগুলি দেখে হতবাক হয়ে যান স্পিকার নরেন্দ্র সিং তোমার। শেষে খানিকটা হাসি চেপে রেখেই আইনমন্ত্রী তথা বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় উঠে দাঁড়িয়ে বলেন, ‘মাননীয় স্পিকার, পরেরবার যখন আমরা বিধানসভার অধিবেশনের তারিখ নির্ধারণ করব, তখন আমাদের বিয়ের দিনগুলি দেখে নিতে হবে। অনেক বিধায়কের পরিবারেই আজ বিয়ের অনুষ্ঠান রয়েছে। আগামী বছর থেকে আমরা নিশ্চিত করব যে বিধানসভার অধিবেশন দিনগুলি যাতে বিয়ের তারিখের সঙ্গে মিলে না যায়।’
বিগত ২০ বছরের মধ্যে সম্ভবত প্রথমবার মধ্যপ্রদেশ বিধানসভার প্রশ্নোত্তর পর্ব সময়ের আগেই শেষ করে দিতে হয়েছে। প্রত্যেক মন্ত্রী, আমলারা উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন বিধায়করা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এই প্রশ্নোত্তর পর্বই গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সেটা কীভাবে এড়িয়ে যেতে পারলেন বিধায়করা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
