উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তথা সরস্বতীপুজোর পুণ্যলগ্নে জীবনের নতুন ইনিংস শুরু করলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। জল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘদিনের বন্ধু দেবমাল্য চক্রবর্তীর (Debmallya Chakraborty) সঙ্গে চার হাত এক হল অভিনেত্রীর। অতীতের বিচ্ছেদ যন্ত্রণা কাটিয়ে ছোটবেলার বন্ধুর হাত ধরেই জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন টলিপাড়ার এই অভিনেত্রী (Marriage ceremony)।
মধুমিতা চেয়েছিলেন তাঁর বিয়েতে থাকবে খাঁটি বাঙালিয়ানার ছোঁয়া। ঠিক সেই পরিকল্পনামাফিক বিয়েতে সাবেকি সাজে সেজেছিলেন কনে। লাল বেনারসি আর সোনার গয়নায় মধুমিতাকে লাগছিল অপরূপা। টলিউডের বিশিষ্ট পরিচালক শিলাদিত্য মৌলিক সহ অনেক ঘনিষ্ঠ তারকাই উপস্থিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে।
বিয়ের ঠিক আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার মধুমিতার বাড়িতে আয়োজন করা হয়েছিল জাঁকজমকপূর্ণ আইবুড়োভাত অনুষ্ঠানের। গাঁদা ফুলে সাজানো আসরে গোলাপি প্যাস্টেল শেডের শাড়িতে ঝলমল করছিলেন অভিনেত্রী। পাতে ছিল প্রথা মেনে বিশাল মাছের মুড়ো। ভাত, পাঁচ রকমের ভাজা, ফিশ ফ্রাই থেকে শুরু করে রকমারি মাছের পদ ও শেষ পাতে পায়েস— কোনও খামতি ছিল না মেনুতে। সেই আনন্দঘন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়ে যায়।
পর্দার ‘পাখি’র এই নতুন সূচনায় উচ্ছ্বসিত তাঁর অগুনতি ভক্ত। জীবনের চড়াই-উতরাই পেরিয়ে মধুমিতা যেভাবে হাসিমুখে নতুন পথে পা বাড়ালেন, তা দেখে খুশি তাঁর অনুরাগীরাও। ঘরোয়া অনুষ্ঠান আর কাছের মানুষদের উপস্থিতিতে মধুমিতা ও দেবমাল্যের এই ‘ড্রিম ওয়েডিং’ এখন টলিপাড়ার প্রধান চর্চার বিষয়।
