উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই ধাক্কা। একলাফে অনেকটাই দাম বাড়ল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের (LPG Worth Hike)। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে ১১১ টাকা করে (Industrial LPG cylinders)। পয়লা জানুয়ারি অর্থাৎ আজ থেকেই এই নতুন দাম কার্যকর হবে। এই মূল্যবৃদ্ধির ফলে হোটেল, রেস্তোরাঁ মালিকদের ব্যয় বাড়বে বলে মনে করা হচ্ছে।
প্রতি মাসের শুরুতেই বিশ্ববাজারের সঙ্গে তুলনামূলক বিচার করে দেশের বাজারে এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে অয়েল মার্কেটিং সংস্থাগুলি। এই মাসেও তার অন্যথা হল না। এবার থেকে দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১,৫৩০.৫০ টাকা থেকে বেড়ে ১,৬৯১.৫০ টাকা হয়েছে। কলকাতায় দাম ১,৬৮৪ টাকা থেকে বেড়ে ১,৭৯৫ টাকা হয়েছে। আর মুম্বইতে দাম ১,৫৩১ টাকা থেকে বেড়ে ১,৬৪২.৫০ টাকা হয়েছে।
তবে ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম পরিবর্তন হয়নি (Home LPG Cylinder)। ফলে কিছুটা স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ। বর্তমানে বিভিন্ন শহরে রান্নার গ্যাসের দাম রয়েছে ৮৫০ থেকে ৯৬০ টাকার মধ্যে। কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডারের মূল্য ৮৭৯ টাকা।
