বহরমপুর: মুর্শিদাবাদের ডোমকলে ফের ‘ছেলেধরা’ আতঙ্কে রণক্ষেত্র পরিস্থিতি (Little one Lifter Rumor)। বুধবার বিকেলে ডোমকলের আমিনাবাদ এলাকায় এক অপরিচিত মহিলাকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের মনে সন্দেহ দানা বাঁধে। সেই সন্দেহের বশেই ওই মহিলাকে ‘ছেলেধরা’ তকমা দিয়ে আটকে রাখেন গ্রামবাসীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার গতিবিধি ও কথাবার্তায় অসংলগ্নতা লক্ষ্য করে গ্রামবাসীরা তাঁকে ঘিরে ধরেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ওই মহিলাকে মারধর করার উপক্রম হয়। যাতে তিনি পালিয়ে যেতে না পারেন, তার জন্য তাঁকে একটি জায়গায় আটকে রাখা হয়। খবর পেয়েই কালক্ষেপ না করে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত জনতাকে বুঝিয়ে এবং কড়া নিরাপত্তায় ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, ওই মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি মানসিক ভারসাম্যহীন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় শান্তি বজায় রাখতে এবং কোনোভাবেই যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পুলিশি টহল বাড়ানো হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে বারবার সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে যে, কোনো অপরিচিত ব্যক্তিকে দেখে সন্দেহ হলে আইন হাতে না তুলে নিয়ে সরাসরি পুলিশকে খবর দিতে। গুজব রুখতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে সোশ্যাল মিডিয়াতেও।
