উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিগত কয়েক মাস আগে এক লহমায় বদলে গিয়েছিল জীবনের রঙ। যে খুশির খবর নিয়ে রণদীপ হুডা এবং লিন লৈশরাম নতুন পথ চলা শুরু করেছিলেন, মাঝপথেই সেই আলো নিভে গিয়েছিল এক লহমায়। কিন্তু অন্ধকার যে চিরস্থায়ী নয়, তার প্রমাণ দিয়ে আবারও এই তারকা দম্পতির জীবনে ফিরছে নতুন প্রাণ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে লিন জানিয়েছেন এক যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার কথা। ২০২৫ সালের শুরুতে প্রথমবার অন্তঃসত্ত্বা হয়েছিলেন লিন। কিন্তু নিয়তির পরিহাসে সেই খুশি স্থায়ী হয়নি। গর্ভপাতের মতো এক গভীর ক্ষত লিনকে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছিল।
এই প্রসঙ্গে বিষাদের সুরে লিন বলেন, “বিষয়টি আমাদের জন্য মোটেও সহজ ছিল না। সেই সময়ে আমরা দুজনেই ভেঙে পড়েছিলাম। নিজেদের সামলে নিতে অনেকটা সময় লেগেছিল।” তবে সময় বহমান। বিষাদের মেঘ কাটিয়ে লিন এবং রণদীপের ঘরে এখন খুশির আমেজ। চিকিৎসকদের মতে, ২০২৬ সালের মার্চ মাসে ভূমিষ্ঠ হতে চলেছে তাঁদের সন্তান। লিন জানিয়েছেন, এই মুহূর্তে তাঁরা দুজনেই চূড়ান্ত উত্তেজিত।
