পারডুবি: অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে আতঙ্ক ছড়িয়েছে মাথাভাঙ্গা ২ ব্লকের পারডুবি গ্রাম পঞ্চায়েতের টাউরিকাটা ও উত্তরবরাইবাড়ি সংলগ্ন এলাকার। স্থানীয়দের অনুমান পায়ের ছাপটি চিতাবাঘের পায়ের। খবর পেয়ে মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছেছে ঘোকসাডাঙ্গা পুলিশ ও বন দপ্তরের কর্মীরা। এলাকায় টহল দিচ্ছেন বনকর্মীরা। এদিন সন্ধ্যা পর্যন্ত কোনও চিতাবাঘের দেখা মেলেনি।
এলাকার জনৈক বাসিন্দা অবিনাশ বর্মন জানান, আলু খেতে কাজ করার সময় অজানা জন্তুর পায়ের ছাপ তিনি দেখতে পান। এই খবর মুখে মুখে ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে স্থানীয়রা ছুটে আসেন। তাদের অনুমান ছাপটি চিতাবাঘের পায়ের। খবর চাউর হয় লোকালয়ে চিতাবাঘ ঢুকেছে। যদিও এখন পর্যন্ত কারও কোনও ক্ষতি হয়নি ও প্রাণীর কোনও হদিস পাওয়া যায়নি।
মাথাভাঙ্গা রেঞ্জের অফিসার সুদীপ দাসের কথায়, খবর পেয়ে এদিন বন দপ্তরের কর্মীরা এলাকায় পৌঁছেছে। খাঁচা পাতার কাজ চলছে। রাতে কর্মীরা পাহারা দেবে। এলাকাবাসীকে সচেতন করা হচ্ছে, অহেতুক আতঙ্কিত হবেন না। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। সবরকমভাবে বন দপ্তর চেষ্টা করছে। ঊর্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে বিষয়টি নজরে রাখা হয়েছে।
