শালকুমারহাট: কিছুতেই দূর হচ্ছে না আলিপুরদুয়ার ১ ব্লকের শালকুমারহাটে চিতাবাঘের আতঙ্ক। গত দুই সপ্তাহ ধরে সন্ধ্যা নামলেই ঘরে ঢুকে যাচ্ছেন শালকুমার ১ গ্রাম পঞ্চায়েতের নতুনপাড়া ও শালকুমার ২ গ্রাম পঞ্চায়েতের সিধাবাড়ি গ্রামের বাসিন্দারা। হাট, বাজার গেলেও সন্ধ্যা নামার আগেই বাড়ি ফিরছেন স্থানীয়রা। শিশুদের নিয়েও চিন্তিত অভিভাবকরা। চিতাবাঘের আতঙ্কে সন্ধ্যার পর শিশুদের বাড়ির বাইরে বের হতে দিচ্ছেন না কেউ। এই আতঙ্ক দূর করতে শনিবার চিতা বাঘ ধরতে নতুনপাড়া গ্রামে খাঁচা পেতেছে জলদাপাড়া বন দপ্তর। তবে এখনওপর্যন্ত খাঁচাবন্দি হয়নি চিতাবাঘ।
স্থানীয়রা বলছেন, প্রায় প্রতিরাতেই গ্রামে ঢুকে পড়ছে চিতাবাঘ। ইতিমধ্যে লোকালয়ে ঢুকে একাধিক গৃহস্তের ছাগল সাবাড় করেছে বুনো। গত শুক্রবার রাতেও সিধাবাড়ি গ্রামে চিতাবাঘের দেখা মিলেছে বলে দাবি স্থানীয়দের। এরপরেই শনিবার বন দপ্তর খাঁচা পাতে এলাকায়।
জলদাপাড়া বন দপ্তর জানিয়েছে, খাঁচা পাতা হয়েছে। সেখানে ছাগলের টোপ দেওয়া হয়েছে। যদিও এখনও চিতাবাঘ ধরা দেয়নি। তবে রোজ সন্ধ্যা হলেই এলাকায় বনকর্মীরাও নজরদারি চালাচ্ছেন। চিতাবাঘ ধরা না পড়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
