নাগরাকাটা: টুঁটি চিপে ৫ বছরের শিশুকন্যাকে তুলে নিয়ে গেল চিতাবাঘ (Leopard Assault)। নাগরাকাটার কলাবাড়ি চা বাগানের ঘটনা। যদিও বরাতজোরে শিশুটি প্রাণে বেঁচে গেছে। এদিন মেয়ে প্রতিকা কুজুরকে খাইয়ে দাইয়ে মা পুনম কুজুর ঘুম পাড়ানোর জন্য বিছানা তৈরি করতে ঘরের ভেতর ঢোকেন। শিশুটি সেসময় বাড়ির বারান্দায় ছিল। বিছানা হয়ে যাওয়ার পর বাইরে বেরিয়ে মেয়েকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করে দেন মা।
ঘটনাচক্রে সেসময় গাড়া লাইন থেকে বাঁধ লাইনে নিজেদের বাড়িতে ফিরছিলেন মিঠু ওরাওঁ ও অজয় ওরাওঁ সহ আরও কয়েকজন স্থানীয় বাসিন্দা। একটি শিশুকে চিতাবাঘ মুখে তুলে নিয়ে যাচ্ছে এমন দৃশ্য দেখে তাঁরাও আতঙ্কিত হয়ে পড়েন। পড়িমরি করে ঢিল ছোঁড়া শুরু করলে শিশুটিকে ফেলে রেখে চিতাবাঘটি চম্পট দেয়। তাঁরাই রক্তাক্ত অবস্থায় প্রতিকাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ওই বাগানটিতে একের পর এক চিতাবাঘের হামলার ঘটনায় এখন চরম বিব্রত বন দপ্তর। এদিন দুটি চিতাবাঘ একযোগে ওই বাড়িটিতে ঢোকে বলে পরিবারের দাবি। ডায়না রেঞ্জের রেঞ্জার অশেষ পাল বলেন, অত্যন্ত দূর্ভাগ্যজনক ঘটনা। বানারহাট সুস্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিতসার পর প্রতিকা কে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কলাবাড়ি বাগানের প্রতি আগে থেকেই সতর্ক নজর রেখে চলা হচ্ছিল। তাতে আরো গতি আনা হচ্ছে।
