KKR | নাইটদের নয়া ওপেনিং জুটি প্রায় নিশ্চিত, অনুশীলন ম্যাচে ব্যাটিং তাণ্ডব ভেঙ্কটেশের

KKR | নাইটদের নয়া ওপেনিং জুটি প্রায় নিশ্চিত, অনুশীলন ম্যাচে ব্যাটিং তাণ্ডব ভেঙ্কটেশের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


কলকাতা: করব, লড়ব. জিতব! অপেক্ষার আর মাত্র কয়েকদিন। তারপরই ২২ মার্চ ইডেন গার্ডেন্সে শুরু হয়ে যাবে অষ্টাদশ আইপিএলের আসর। যেখানে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএলের পথ চলা।

তার আগে দোলের ছুটি কাটিয়ে, চূড়ান্ত রংবাজি সেরে আজ সন্ধ্যায় ফের মাঠে নেমে পড়ল কেকেআর। সন্ধ্যার ইডেনে অনুশীলনে যোগ দিলেন রহমনুল্লাহ গুরবাজ। অনুশীলন ম্যাচে রান পাননি তিনি। পরশু কলকাতায় হাজির হয়ে যাচ্ছেন বরুণ চক্রবর্তী, হর্ষিত রানারাও। বিরাট কোহলি, রজত পাতিদারদের আরসিবি-র বিরুদ্ধে চূড়ান্ত প্রস্তুতি শুরুর আগে আজ সন্ধ্যার ইডেনে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলল কেকেআর। সেই অনুশীলন ম্যাচে ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে হাজির হলেন দলের সহ অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার। ২৯ বলে ৬৯ রানের তাঁর ব্যাটিং তাণ্ডব দেখে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত সহ নাইট শিবিরের সবারই হাসি চওড়া হয়েছে।

শুধু ভেঙ্কটেশ রান পেয়েছেন, এমনই নয়। লভনীত সিসোদিয়াও ব্যাট হাতে আগ্রাসন দেখিয়েছেন রাতের ইডেনে। ২৪ বলে ৪৬ রান করে নজর কেড়েছেন তিনি। অধিনায়ক আজিঙ্কা রাহানে অবশ্য এদিন রান পাননি। ১০ বলে ১৩ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। এরমধ্যেই আসন্ন আইপিএল মরশুমে কেকেআরের নয়া ওপেনিং জুটিও প্রায় চূড়ান্ত গেল। সুনীল নারায়ণ আজকের ম্যাচ খেলেননি। নেটে শুধু স্পট বোলিং করেছেন তিনি। কিন্তু তিনি যে কেকেআরের হয়ে ওপেন করবেন, সেটা সবারই জানা। নারায়ণের সঙ্গে ওপেনিং জুটি হিসেবে আজ নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন কুইন্টন ডি কক। অনুশীলন ম্যাচে ওপেন করতে নেমে ২১ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। মনে করা হচ্ছে, বড় অঘটন না হলে ২২ মার্চ আরসিবি ম্যাচে নারায়ণের সঙ্গে দক্ষিণ আফ্রিকার ডি ককই ওপেন করবেন।

আর তার মধ্যেই কেকেআরের নয়া দক্ষিণ আফ্রিকার জোরে বোলার আনরিচ নর্তজে দলকে ভরসা দেওয়ার বার্তা দিয়েছেন। মিচেল স্টার্ক হাতছাড়া হওয়ার পর দলের জোরে বোলিং বিভাগকে শক্তিশালী করতে স্পেনসার জনসনের সঙ্গে নর্তজেকেও নেওয়া হয়েছে। অতীতে বছর কয়েক আগে নর্তজে কেকেআর শিবিরে ছিলেন। কিন্তু কোনও ম্যাচ খেলা হয়নি। এবার ছবিটা আলাদা। নর্তজের উপর আস্থা রয়েছে নাইট টিম ম্যানেজমেন্টের। আর সেই আস্থার মর্যাদা দেওয়ার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার পেসার তৈরিও। যদিও আজ রাতের ইডেনে অনুশীলন ম্যাচে নর্তজে বল হাতে নজর কাড়তে ব্যর্থ। প্রথম ওভারেই ১৭ রান দিয়েছেন তিনি। তারপরও দলকে ভরসা দেওয়ার বার্তা দিয়েছেন তিনি। কেকেআরের সমাজমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নর্তজে আজ বলেছেন, ‘ইডেন গার্ডেন্সে অতীতে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। দুর্দান্ত মাঠ। শুনেছি আইপিএলের সময় এই মাঠের ৬৫ হাজারের গ্যালারির গর্জনও। এবার সেই গর্জনটা আমাদের শিবিরে এগিয়ে চলার পথে এক্স ফ্যাক্টর করে দিতে চাই।’

নর্তজে দীর্ঘসময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে রয়েছেন। দিল্লি ক্যাপিটালস শিবিরে কাগিসো রাবাদার সঙ্গে জুড়ি বেঁধে দুর্দান্ত সব ম্যাচও জিতিয়েছিলেন রাজধানীর ফ্র্যাঞ্চাইজি দলকে। এবার নাইট পেস আক্রমণের মূল মুখ তিনিই। নিজের দায়িত্ব ও দলের আগামীর সাফল্য প্রসঙ্গে নর্তজে বলছেন, ‘আরাম সে, একটু ভরসা রাখুন।’ আপাতত নারায়ণ-ডিককেক নয়া ওপেনিং জুটিতেই ভরসা খুঁজছে কেকেআর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *