কিশনগঞ্জ : মাটি চাপা পড়ে মৃত্যু হল একই পরিবারের তিন নাবালিকার। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে কিশনগঞ্জের নেপাল সীমান্তের হরুয়াডাঙ্গা গ্রামে। মৃতদের নাম নাগমা প্রবীণ (১০), নিশা প্রবীণ (৯) ও রুবি খাতুন (৮)। তারা সম্পর্কে তুতো বোন। খবর পেয়ে দীঘলব্যাংক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশনগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। মৃত শিশুদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক অনিকেত কুমার। তিনি জানিয়েছেন, সরকারি নিয়ম অনুযায়ী মৃতদের অভিভাবকদের আর্থিক সহায়তা দেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুলতানগঞ্জের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই পরিবারটির তিন নাবালিকা এদিন সকালে কুঁড়েঘর লেপার জন্য একটি বড় গর্তে নেমে মাটি খুঁড়ছিল। সেই সময় আচমকা মাটির বিরাট স্তর ভেঙে তাদের উপর পড়ে। পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
The publish Kishanganj | মাটি কাটতে গর্তে নেমেছিল তিন বোন, তারপরই মর্মান্তিক পরিণতি appeared first on Uttarbanga Sambad.
