কিশনগঞ্জ: সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। নির্বাচনের দিন ঘোষণার পরেই রাজ্যে মডেল কোড অফ কন্ডাক্ট জারি করা হয়েছে। আর নির্বাচনের প্রাক্কালে রাজ্যজুড়ে নজরদারি বাড়িয়েছে পুলিশ। জায়গায় জায়গায় চলছে পুলিশের নাকা তল্লাশি। আর এই নাকা তল্লাশিতে একটি গাড়ি থেকে উদ্ধার হল নগদ ৯ লক্ষাধিক টাকা।
জানা গিয়েছে, মঙ্গলবার রাত আটটা নাগাদ কিশনগঞ্জ শহর সংলগ্ন ২৭ নম্বর জাতীয় সড়কে ফড়িংগোলা চেক পোস্টে পুলিশের নাকা তল্লাশি চলছিল। সেইসময় একটি ছোট চার চাকার গাড়িকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। সেই সময় সেই গাড়ি থেকে উদ্ধার হয় নগদ ৯ লাখ ৩০ হাজার টাকা। সেই টাকার বৈধ নথি না থাকায় এই বিপুল পরিমাণ টাকা বাজেয়াপ্ত বজেয়াপ্ত করে পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় গাড়ির এক যাত্রীকে।
পুলিশ জানিয়েছে, ধৃত ব্যাক্তির নাম সুখেন্দু মণ্ডল(৪০), তিনি মুর্শিদাবাদের কাশীপুর ক্ষৈরমারীর বাসিন্দা। গাড়ি থেকে ৫০০ টাকার ১৮৫৮ টি নোট ও ১০ টাকার ১০০ টি নোট বাজেয়াপ্ত করা হয়েছে।
উল্লেখ্য বিহারে বিধানসভার দিন ঘোষনার পর রাজ্যে মডেল কোড অফ কন্ডাক্ট জারি করা হয়েছে। বিধানসভার নির্বাচনে যাতে ভোট কেনাবেচার জন্য অবৈধ টাকা ব্যবহার না করা হয়, সেইজন্য বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন। এই বিধি অনুযায়ী, বিনা নথিতে সর্বাধিক ৫০ হাজার নগদ টাকা নিয়ে যাওয়া যেতে পারে। কিন্তু এর বেশী টাকা বহন করলে বৈধ নথিপত্র পুলিশ বা প্রশাসনের আধিকারিকদের দেখাতে হবে। নইলে সেই টাকা সমেত বহনকারীকে গ্রেপ্তার করা হবে। এই রাতে ধৃত প্রচুর টাকা সমেত ব্যাক্তিকে কমিশনের এই নির্দেশের প্রেক্ষিতে, পুলিশ গ্রেপ্তার করেছে বলে প্রেস বিজ্ঞপ্তি জারি করে পুলিশ সুপার সাগর কুমার জানান।
