উত্তর সংবাদ ডিজিটাল ডেস্ক: কিডনিতে পাথর হলেই প্রথমে বদল করতে হবে খাদ্যাভ্যাস। কারণ কিডনিতে পাথর হওয়ার মূল কারণগুলিই হল অনিয়মিত খাদ্যাভ্যাস এবং জল না খাওয়া। আর একবার কিডনির পাথর (Kidney Stone) অপারেশন করলেও পরবর্তীতে তা ফের দেখা দিতে পারে। তাই সঠিক ডায়েট মেনে চলা খুবই জরুরি। এক্ষেত্রে খাদ্যতালিকায় কী কী রাখবেন, তা জেনে নিন।
পটাশিয়াম জাতীয় খাবার
কলা, পেঁপে, তরমুজের মতো ফলে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। অন্যদিকে, এই ফল অত্যন্ত রসালো। ফলে প্রস্রাবের স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে সাহায্য করে।
শাকসবজি ও ফাইবারযুক্ত খাবার
লাউ, পরিমাণ মতো পালং, করলা, ঝিঙে বা পাটশাক কিডনি পরিষ্কারে সহায়ক। এতে আছে জল ও অ্যান্টি-অক্সিডেন্ট। যা শরীরের টক্সিন বের করে দেয় এবং ক্যালসিয়াম জমাট বাঁধা রোধ করে।
জল ও তরল খাবার
সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পর্যাপ্ত জল পান করা। দিনে অন্তত ৩–৪ লিটার জল খেতেই হবে। এতে প্রস্রাবের পরিমাণ বাড়ে, ফলে কিডনিতে জমে থাকা খনিজ ও বর্জ্য পদার্থ বেরিয়ে যেতে পারে।
সাইট্রেট সমৃদ্ধ ফল
পাতিলেবু, কমলালেবুর মতো সাইট্রেট সমৃদ্ধ ফল খাওয়া ভালো। সাইট্রিক অ্যাসিড ক্যালসিয়াম অক্সালেট পাথর ভাঙতে ও গলাতে সাহায্য করে। লেবুর রস প্রস্রাবের অম্লত্বও কমায়, যা নতুন পাথর তৈরি রোধ করতে প্রয়োজনীয়।
ডাবের জল
ডাবের জল শরীর ঠান্ডা রাখে, প্রস্রাবের প্রবাহ বাড়ায় ও মিনারেলের ব্যালান্স ঠিক রাখে। এটি কিডনিতে ছোট পাথর গলাতে সহায়ক বলে পরিচিত।
