মুরতুজ আলম, সামসী: মালতীপুর বিধানসভা তথা চাঁচল-২ ব্লকের ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতে (Khempur Gram Panchayat) বড়সড় প্রশাসনিক পদক্ষেপ। পরপর তিনটি সাধারণ সভায় অনুপস্থিত থাকার অভিযোগে পঞ্চায়েতের মোট ১৪ জন সদস্যের (absentee members) পদ খারিজ করল মহকুমা প্রশাসন। খারিজ হওয়া সদস্যদের তালিকায় রয়েছেন পঞ্চায়েতের প্রধান (Panchayat pradhan) ছবি মণ্ডল এবং উপপ্রধান বাসুদেব ভূঁইয়াও।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের বিজলি বুথের সদস্য আব্দুল হক গত ২১ মে চাঁচলের মহকুমা শাসকের (Chanchal subdivision) কাছে লিখিত অভিযোগ জানান। তাঁর অভিযোগ ছিল, পঞ্চায়েতের একাধিক সদস্য পরপর তিনটি সাধারণ সভায় অনুপস্থিত থেকেছেন। পঞ্চায়েত আইন অনুযায়ী তাঁদের সদস্যপদ খারিজের দাবি জানিয়ে মহকুমা প্রশাসনের দ্বারস্থ হন তিনি। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে সোমবার মহকুমা প্রশাসন মোট ১৪ জন সদস্যের পদ খারিজের সিদ্ধান্ত নেয়। তাঁদের মধ্যে বিজেপির ছয়জন, কংগ্রেসের একজন এবং তৃণমূল কংগ্রেসের সাতজন সদস্য রয়েছেন। একইসঙ্গে পদ খারিজ হয়েছে প্রধান ছবি মণ্ডল ও উপপ্রধান বাসুদেব ভূঁইয়ারও।
উল্লেখ্য, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ২৭ আসন বিশিষ্ট ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস ১৬টি, বিজেপি ৮টি, কংগ্রেস ২টি এবং আরএসপি একটি আসনে জয়ী হয়েছিল। এবার ১৪ জন সদস্যের পদ খারিজের পর ক্ষেমপুর পঞ্চায়েতের রাজনৈতিক সমীকরণেও বদলাতে চলেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পঞ্চায়েত আইন ও নির্ধারিত নিয়ম মেনেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

