খড়িবাড়িঃ শুক্রবার লোনের কিস্তি তুলতে গিয়ে নিখোঁজ হয়েছেন শিলিগুড়ি হায়দরপাড়ার বাসিন্দা ও বেসরকারি ফিনান্স কোম্পানির এক এক্সিকিউটিভ। নিখোঁজ আধিকারিকের নাম অসিত পাল। খড়িবাড়িতে লোনের কিস্তি তুলতে গিয়ে নিখোঁজ হয়েছেন বলে খবর।
ফিনান্স কোম্পানির ম্যানেজার মহম্মদ ইব্রাহিম জানিয়েছেন, অসিত পাল এদিন বাতাসি, জায়গার জোত ও হাওদাভিটা এলাকায় তিনজনের কাছ থেকে কিস্তির টাকা আদায়ের উদ্দেশ্যে গিয়েছিলেন। তিনি হাওদাভিটা এলাকায় কিস্তি নিতে যাওয়ার পর থেকেই তার কোনও খোঁজ পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ, শুক্রবার বিকেল ৪টার সময় অসিতের সঙ্গে শেষবার মোবাইলে যোগাযোগ হয়। তবে সন্ধ্যা ৬টার পর তার মোবাইল বন্ধ পাওয়া যায়। শুধু তাই নয়, এদিনই রাতে খড়িবাড়ি শচীন্দ্রচন্দ্র চা বাগান এলাকায় অসিতের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
এদিকে অসিতের মোবাইল লোকেশন এবং স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে খড়িবাড়ি পুলিশ। এছাড়া লোন গ্রহীতাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। এখনও পর্যন্ত অসিতের কোনও খোঁজ মেলেনি।
