উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘গুজব ছড়াবেন না। চিকিৎসায় সাড়া দিচ্ছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া, জানালেন নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার দুপুরে ঢাকার হাসপাতালে অসুস্থ বিএনপি নেত্রীকে (Khaleda Zia) দেখার পর তামাম দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘সকলের দোয়ার ফলে উনি এ যাত্রায় সুস্থ হয়ে উঠবেন।’
গতকাল পর্যন্ত শোনা গিয়েছিল খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি সংকটজনক। তবে এদিন দুপুরে তাঁর ব্যক্তিগত চিকিৎসকের (Private doctor) ‘অভয়বাণী’তে আশার আলো দেখছেন বিএনপি সহ গোটা দেশ। চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনের কথায়, ‘মেডকেল বোর্ড খালেদাকে যে চিকিৎসা দিচ্ছে, তা উনি গ্রহণ করতে পারছেন বা আমরা যাকে বলি মেনটেন করতে পারছেন। আমরা এই সংকটময় মুহূর্তে দেশবাসীর কাছে ওঁর (খালেদা) সুস্থতার জন্য দোয়া চাই। সারা পৃথিবীর অনেক মানুষের ওঁর প্রতি ভালবাসা এবং দোয়ার কারণে হয়তো উনি এ যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি।’
সুস্থ হলে বিএনপি নেত্রীকে কি বাইরে নিয়ে যাওয়া হবে? এ প্রসঙ্গে বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক বলেন, ‘মেডিকেল বোর্ডের সদস্যেরা ওঁকে দেখেছেন। আজও ব্রিটেন থেকে ওঁকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন। উনি দেখার পর যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে, মেডিকেল বোর্ড মনে করে, তখন যথাযথ সময়ে ওঁকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে।’
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই একাধিক রোগের সঙ্গে লড়াই করছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। চলতি মাসের ২৩ তারিখ থেকে তিনি ঢাকার এক হাসপাতালে চিকিৎসাধীন। কোনও সময় শারীরিক পরিস্থিতি কিছুটা ভালো হলেও বিশেষ উন্নতি হয়নি। এই পরিস্থিতিতে বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের ডেকে আনা হয়েছে বিএনপি নেত্রীর চিকিৎসার জন্য। ইতিমধ্যেই ঢাকায় (Dhaka) পৌঁছেছেন চিনের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল। ঢাকার হাসপাতালেই বিশেষজ্ঞ চিকিৎসকেরা খালেদা জিয়ার চিকিৎসা করছেন।
