জলপাইগুড়ি: টিকিট না পেয়ে শুরু হওয়া ক্ষোভের অবসান। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃণমূলেই (TMC) থেকে গেলেন রাজগঞ্জের (Rajganj) বিদায়ী বিধায়ক খগেশ্বর রায় (Khageswar Roy)। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে কার্যত ‘বিদ্রোহী’ হয়ে উঠেছিলেন তিনি। এমনকি জলপাইগুড়ি জেলা তৃণমূলের চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দেওয়ার ঘোষণা করেছিলেন খগেশ্বরবাবু। রাজগঞ্জ ব্লক নেতৃত্বও খগেশ্বরের পথ অনুসরণ করে পদত্যাগের কথা ঘোষণা করেছিল। খগেশ্বর হুঁশিয়ারি দিয়েছিলেন, বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে তৃণমূলের তরফে সদর্থক উত্তর না পেলে নিজের রাজনৈতিক অবস্থান জানাবেন।
অবশেষে পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানা গিয়েছে, বুধবার রাতেই মুখ্যমন্ত্রী খগেশ্বর রায়ের সঙ্গে ফোনে কথা বলেন। তাঁর আশ্বাসে শেষমেশ সন্তুষ্ট হন প্রবীণ এই নেতা। বৃহস্পতিবার বেলাকোবায় নিজের বাসভবনে জেলা নেতৃত্বের উপস্থিতিতে এক সাংবাদিক বৈঠক করে খগেশ্বর স্পষ্ট জানান, তিনি দলেই থাকছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হতেই দেখা যায় এবারে টিকিট দেওয়া হয়নি রাজগঞ্জের চারবারের বিধায়ক খগেশ্বর রায়কে। তাঁর বদলে এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অর্জুন পুরস্কারপ্রাপ্ত অ্যাথলিট স্বপ্না বর্মনকে। প্রার্থী তালিকায় নিজের নাম না থাকার খবর পাওয়া মাত্রই অনুগামীদের নিয়ে ক্ষোভে ফেটে পড়েন খগেশ্বর রায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সরাসরি দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগেন। তবে অবশেষে তৃণমূল সুপ্রিমোর হস্তক্ষেপে খগেশ্বরের অভিমান মেটায় জলপাইগুড়ি জেলা তথা রাজগঞ্জের তৃণমূল শিবিরে আপাতত স্বস্তির হাওয়া।
