Kali Puja 2025 | রাজগঞ্জ থানার কালীপুজোর ১১০ বছর

Kali Puja 2025 | রাজগঞ্জ থানার কালীপুজোর ১১০ বছর

শিক্ষা
Spread the love


রামপ্রসাদ মোদক, রাজগঞ্জ: রাজগঞ্জ (Rajganj) ব্লকের পুরোনো কালীপুজোগুলোর মধ্যে অন্যতম রাজগঞ্জ থানার কালীপুজো (Kali Puja 2025)। স্থানীয়রা জানালেন, এবছর এই পুজো ১১০ বছরে পা দিল। রাজগঞ্জ পুলিশ এবং এলাকার ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে এই পুজো শুরু হয়েছিল আনুমানিক ১৯১৫ সাল নাগাদ। থানা প্রতিষ্ঠার দু’বছরের মাথায় নাকি কালীপুজোর প্রচলন হয়। তবে সঠিক বছর না জানা থাকলেও পুজোকে কেন্দ্র করে এলাকার মানুষের উদ্দীপনার কমতি নেই।

সত্তরোর্ধ্ব রাজগঞ্জের প্রবীণ শিক্ষক বিনয় ঝাঁয়ের সঙ্গে কালীপুজো নিয়ে কথা হল। তিনি ছোটবেলা থেকে রাজগঞ্জ থানার এই কালীপুজো দেখে আসছেন। তবে তখন থানার সামনে বাঁশের বেড়া দেওয়া এবং টিনের চালার একটি ঘরে পুজোর আয়োজন করা হত। তাঁর কথায়, ‘টিনের চালার ঘরে মাটির প্রদীপ এবং হ্যাজাক জ্বালিয়ে পুজো হত। আমি আমার বাবার হাত ধরে এই পুজো দেখতে যেতাম। তখন আশপাশে হাতেগোনা দুই-একটা পুজো হত।’

এখন অবশ্য ছবিটা বদলেছে। এখন আর টিনের চালার ঘরে পুজো হয় না। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পুজোর আয়োজনে লেগেছে আধুনিকতার ছোঁয়া। তৈরি করা হয় মণ্ডপ। আলোকসজ্জাতেও থাকে শহরের পুজোগুলোকে পাল্লা দেওয়ার প্রবণতা। পুজো কমিটির সভাপতি স্থানীয় ব্যবসায়ী সঞ্জীব মোদক (রাজু) বললেন, ‘থানার পুজো হলেও এখন সাধারণ মানুষ, ব্যবসায়ী সমিতি এবং পুলিশ, সকলে মিলেই এই পুজো করে থাকি। শুরু থেকে এখনও পর্যন্ত রাজগঞ্জ থানা আবাসিক ব্যবসায়ী সমিতি কালীপুজো কমিটি নামে পুজো করা হয়।’ তাঁর সংযোজন, ‘শতাব্দীপ্রাচীন এই পুজোকে ঘিরে রাজগঞ্জের মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। প্রতি বছর প্রচুর মানুষ এখানে আসেন ভোগ খেতে, প্রতিমা দর্শন করতে।’ এবার পুজোর তিনদিন ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবারে মহাপ্রসাদ বিতরণ করা হবে। পরেরদিন বস্ত্র বিতরণ এবং বৃহস্পতিবার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রাজগঞ্জের কালী প্রতিমা প্রসঙ্গে স্থানীয় শিক্ষক অরিন্দম বন্দ্যোপাধ্যায় বললেন, ‘আমার বাবাদের আমলে এখানে রাজস্থান থেকে গাড়ি করে এনে মা কালীর পাথরের মূর্তি স্থাপন করা হয়েছিল। সেই মূর্তিতেই এখনও পুজো করা হয়। রাজগঞ্জের মানুষের কাছে জাগ্রত এই মা কালীকে মানেন অনেকেই। পাশের জেলা থেকেও অনেকে পুজো দেখতে আসেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *