জামতাড়া,ঝাড়খণ্ড: রবিবার গভীর রাতে জামতাড়া জেলায় পুলিশ এনকাউন্টারে মৃত্যু হয়েছে ঝাড়খণ্ডের (Jharkhand) কুখ্যাত গ্যাংস্টার (Gangster) সুজিত সিনহার। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন রাতে সাহেবগঞ্জ মডেল কারাগার থেকে তাকে ধানবাদ মণ্ডল কারাগারে স্থানান্তরিত করা হচ্ছিল। সেই সময় জামতাড়া-সাহিবগঞ্জ প্রধান সড়কে সুপয়াডিহ গ্রামের কাছে পুলিশের গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। এরপরে তাকে কনভয়ে থাকা পুলিশের অন্য একটি গাড়িতে তোলা হচ্ছিল। সেই সময় সুজিত সিনহা এক পুলিশ কর্মীর কাছে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয় ও গুলি চালাতে চালাতে পালানোর চেষ্টা করে।
পুলিশের দাবি, সুজিতের (Sujit Sinha) গুলির জবাবে পুলিশও পালটা গুলি চালায়। সেই গুলিতে সুজিত গুরুতর আহত হয়। খবর পেয়ে জামতাড়ার পুলিশ সুপার সহ অন্য পুলিশ আধিকারিক ঘটনাস্থলে ছুটে আসেন। নিয়ে আসা হয় চিকিৎসক। সেই চিকিৎসক ঘটনাস্থলেই পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই প্রসঙ্গে জামতাড়ার পুলিশ সুপার শম্ভু কুমার সিং জানিয়েছেন, “পুরো অভিযানটি সাহেবগঞ্জ পুলিশের টিম চালিয়েছে। তারাই আদালতের নির্দেশে সাহেবগঞ্জ থেকে সুজিত সিনহাকে ধানবাদ জেলে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় তাকে নিয়ে যাওয়া গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। তখন তাকে কনভয়ে থাকা পুলিশের অন্য একটি গাড়িতে তোলা হচ্ছিল। তখন সে এক পুলিশ কনস্টেবলের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে গুলি চালাতে চালাতে পালানোর চেষ্টা করছিল। তখন অন্য পুলিশ কর্মীরা পালটা গুলি চালালে, তার মৃত্যু হয়।কত রাউন্ড গুলি চলেছে এবং সুজিত সিনহার গায়ে কটি গুলি লেগেছে, তা তদন্ত শেষ হলেই জানানো হবে।”

