উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ফ্ল্যাট দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumdar) জামিন পেলেন। বুধবার কলকাতা হাইকোর্ট (Calcutta Excessive Courtroom) শর্তসাপেক্ষে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে। প্রায় এক মাস হাজতে থাকার পর অবশেষে তিনি মুক্তি পাচ্ছেন।
গত ৩ জুন জয়প্রকাশ মজুমদারকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২০১২ সালে ফুলবাগান এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে চুক্তির মেয়াদ ২০১৫ সালে শেষ হয়ে যাওয়ার পরেও তিনি তা বেআইনিভাবে দখল করে রেখেছেন। ফ্ল্যাটের মালকিন ও তাঁর কন্যার দাবি, তৃণমূলের রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘ ১৪ বছর ধরে তিনি ওই ফ্ল্যাট দখল করে রেখেছিলেন। বার বার থানায় অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি। গত ৩ জুন তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর সময় উপস্থিত লোকজনের গায়ে হাত তোলারও অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে পুলিশ তাঁকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানায় নিয়ে যায়। পরে তাঁর বিরুদ্ধে ফ্ল্যাট জবরদখল, বৃদ্ধা মালকিনকে কটূক্তি ও হুমকি দেওয়ার অভিযোগে মামলা (Flat Grabbing Case) রুজু করা হয়।
জামিনের আবেদনের প্রেক্ষিতে এই মামলাটি প্রথমে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ওঠার কথা ছিল, তবে ব্যক্তিগত কারণে তিনি মামলা থেকে সরে দাঁড়ান। পরবর্তীতে বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চে শুনানি শেষে বুধবার জামিন মঞ্জুর হয়।
তবে মুক্তি পেলেও জয়প্রকাশ মজুমদারকে আদালতের বেঁধে দেওয়া বেশ কিছু কঠোর শর্ত পালন করতে হবে। তাঁকে সংশ্লিষ্ট ফুলবাগান থানা এলাকায় ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া, তাঁকে নিয়মিত নির্দিষ্ট সময়ে থানায় হাজিরা দিতে হবে এবং পুলিশের তদন্তে সবরকম সহযোগিতার নির্দেশ দিয়েছে আদালত।

