জামালদহ: শিক্ষার আঙিনায় পৌঁছাতে গিয়েই পদে পদে বিপদের হাতছানি! মেখলিগঞ্জের (Mekhliganj) জামালদহ (Jamaldah) জুনিয়র গার্লস হাই স্কুল এবং জুনিয়র বেসিক স্কুলের পড়ুয়াদের জন্য স্কুলের প্রবেশপথ এখন রীতিমতো ‘মরণফাঁদ’। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের প্রধান সংযোগকারী রাস্তার ওপর থাকা কংক্রিটের ড্রেনের ছাদ ভেঙে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। আর সেই ভাঙা অংশ দিয়েই প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে খুদে পড়ুয়াদের।
জামালদহ বাসস্ট্যান্ডের ঠিক পাশেই অবস্থিত এই দুই শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিদিন বহু শিক্ষার্থী এই পথ দিয়েই স্কুলে আসে। স্থানীয়দের অভিযোগ, ড্রেনের ওপরের ওই কংক্রিটের ছাদটি এতটাই জরাজীর্ণ যে সামান্য অসাবধানতায় পা ফসকে গর্তে পড়ে যাচ্ছে ছোট ছোট শিশুরা। বিদ্যুৎ বর্মন নামে এক সহকারী শিক্ষক বলেন, “ছাত্র ছাত্রীরা সমস্যায় পড়ছেন। বিশেষ করে যারা প্রথম শ্রেনী ও দ্বিতীয় শ্রেণির পড়ুয়া, তাদের নিয়ে আমরা চিন্তিত। প্রায় দিন দুর্ঘটনা ঘটছে। সমস্যাটি (Street Security) সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে জানানো হয়েছে।” স্কুলের রাঁধুনি থেকে অভিভাবক—সকলেরই এক দাবি, আর কোনো দুর্ঘটনার আগেই যেন প্রশাসন নড়েচড়ে বসে।
এদিকে, পুরো বিষয়টি সম্পর্কে জামালদহ গ্রাম পঞ্চায়েত প্রধান গীতা বর্মন বলেন, “সমস্যার বিষয়টি শুনেছি। খোঁজখবর নেওয়া হবে। দ্রুত যাতে সেটা সংস্কার করা হয়, সেই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে।”
স্কুলের প্রবেশপথের এই বেহাল দশা দ্রুত মেরামত না হলে যেকোনো দিন বড়সড় দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন দেখার বিষয়, প্রশাসনের প্রতিশ্রুতি কবে বাস্তব রূপ পায়।

