জলপাইগুড়ি: প্রসূতির স্বামীকে মারধর এবং রোগীর স্বজনদের সঙ্গে চরম দুর্ব্যবহারের অভিযোগে তুমুল উত্তেজনা ছড়াল জলপাইগুড়ি (Jalpaiguri) মেডিকেল কলেজ ও হাসপাতালের ‘মাতৃমা’ (মাদার অ্যান্ড চাইল্ড হাব) বিভাগে। এই ঘটনায় নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, সমীর সরকার নামে এক বাসিন্দা তাঁর সদ্যপ্রসূতি স্ত্রীকে এবং অসুস্থ শিশুকে দেখতে শনিবার বিকেলে হাসপাতালে পৌঁছান। অভিযোগ, ভিজিটিং কার্ড থাকা সত্ত্বেও নিরাপত্তারক্ষীরা তাঁকে ভেতরে ঢুকতে বাধা দেন। বচসা শুরু হলে এক নিরাপত্তারক্ষী তাঁকে চড় মারেন এবং জোর করে ভেতরে টেনে নিয়ে গিয়ে মারধর করেন বলে অভিযোগ।
এই ঘটনার পরই হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান অন্য রোগীর পরিজনেরাও। নিরাপত্তারক্ষীদের দাদাগিরির পাশাপাশি হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে বেআইনিভাবে টাকা তোলার মতো গুরুতর অভিযোগও তুলেছেন তাঁরা। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ (Police) পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরকারি বিধিনিষেধের দোহাই দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদমাধ্যমে মুখ না খুললেও, সূত্রের খবর—অভিযুক্ত নিরাপত্তারক্ষীর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
The put up Jalpaiguri | জলপাইগুড়ি মেডিকেলে প্রসূতির স্বামীকে মারধরের অভিযোগ, চরম উত্তেজনা হাসপাতাল চত্বরে! appeared first on Uttarbanga Sambad.
