Jahangir Khan | জনরোষের ভয়ে ছিলেন বেপাত্তা, অবশেষে পুনর্নির্বাচনের আগে ফলতায় ফিরলেন জাহাঙ্গির!

Jahangir Khan | জনরোষের ভয়ে ছিলেন বেপাত্তা, অবশেষে পুনর্নির্বাচনের আগে ফলতায় ফিরলেন জাহাঙ্গির!

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন করেছে বিজেপি। তবে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভায় (Falta) বাকি রয়েছে পুনর্নির্বাচন (Repoll)। আর ঠিক তার আগেই নির্বাচন কমিশনের নির্দেশে ও কড়া পুলিশি প্রহরায় অবশেষে শুক্রবার রাতে নিজের বাড়ি বেলসিংহে ফিরলেন দাপুটে তৃণমূল প্রার্থী (TMC candidate) জাহাঙ্গির খান (Jahangir Khan)। তবে ঘরে ফিরলেও এখনও তিনি কার্যত ‘গৃহবন্দি’। বাড়ির বাইরে পা রাখছেন না তিনি, দেখা মিলছে না তাঁর অনুগামীদেরও।

উল্লেখ্য, দ্বিতীয় দফার নির্বাচনে ফলতার একাধিক বুথে বেনিয়মের অভিযোগে গোটা বিধানসভাতেই পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল কমিশন। আগামী ২১ মে এখানে ফের ভোটগ্রহণ। এদিকে, জনরোষের ভয়ে রাজ্যে ভোটগণনার দিন থেকেই নিখোঁজ ছিলেন জাহাঙ্গির। আর এরপরই তাঁকে নিরাপত্তা দিয়ে ফেরানোর দায়িত্ব নেয় পুলিশ। তবে এলাকায় ফিরেই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। জাহাঙ্গির বলেন, ‘বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমাদের প্রধান কার্যালয় সহ একাধিক অফিস ভাঙচুর ও লুটপাট করেছে। কর্মীদের মারধর করা হচ্ছে। পুলিশকে জানিয়েও কোনও লাভ হচ্ছে না। তবে খুব দ্রুত আমি প্রচারে নামব।’

অন্যদিকে, তৃণমূল প্রার্থীর অনুপস্থিতিতে ময়দান দাপিয়ে বেড়াচ্ছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। হরিণডাঙা, দিঘিরপাড় ও ফতেপুর সহ বিস্তীর্ণ এলাকায় টোটো নিয়ে রোড-শো ও বাড়ি বাড়ি প্রচার সেরেছেন তিনি। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দেবাংশুর কথায়, ‘মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। ফলতায় বিজেপির জয় এখন সময়ের অপেক্ষা।’

প্রসঙ্গত, ভোটের আগে উত্তরপ্রদেশের পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মার সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে নিজেকে ‘পুষ্পা’ বলে দাবি করেছিলেন জাহাঙ্গির। সেই দাপুটে নেতার এমন ‘অসহায়’ প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এখন প্রশ্ন একটাই, পুলিশি পাহারায় থাকা জাহাঙ্গির ২১ মে-র আগে আদৌ কতটা প্রচারের জমি ফিরে পাবেন? উত্তপ্ত ফলতায় শান্তি বজায় রাখাই এখন প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *