Jabalpur Boat Tragedy | জবলপুরে নৌকাডুবিতে ৯ প্রাণহানি, জল থেকে উদ্ধার মা ও ৪ বছরের শিশুর জড়িয়ে ধরা দেহ

Jabalpur Boat Tragedy | জবলপুরে নৌকাডুবিতে ৯ প্রাণহানি, জল থেকে উদ্ধার মা ও ৪ বছরের শিশুর জড়িয়ে ধরা দেহ

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশের জবলপুরে বারগি বাঁধের জলাধারে এক ভয়াবহ নৌকাডুবিতে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে (Jabalpur Boat Tragedy)। উদ্ধারকাজের দ্বিতীয় দিনে শুক্রবার এক হৃদয়বিদারক দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারেননি উদ্ধারকারী থেকে শুরু করে উপস্থিত মন্ত্রী ও আধিকারিকরাও। এদিন জল থেকে উদ্ধার করা হয়েছে এক মা ও তাঁর চার বছরের শিশুপুত্রের দেহ, যারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে থাকা অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ প্রায় ৩০ জন যাত্রী নিয়ে একটি ক্রুজ বোট জলাধারে ঘুরছিল। সেই সময় আচমকা প্রবল ঝড় ও ঝোড়ো হাওয়া শুরু হলে জল উত্তাল হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের মতে, যাত্রীরা চিৎকার করে ফিরে যাওয়ার অনুরোধ জানালেও শেষরক্ষা হয়নি এবং নৌকাটি মাঝ জলাধারে উল্টে যায়। এখনও পর্যন্ত ২২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

ঘটনার পর থেকে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF), স্থানীয় পুলিশ ও প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে। মন্ত্রী রাকেশ সিং দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মৃত মা-ছেলের নিথর দেহ দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন। এই মর্মান্তিক ঘটনায় মুখ্যমন্ত্রী মোহন যাদব শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং নিখোঁজদের উদ্ধারে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন।

উদ্ধার হওয়া যাত্রীরা অভিযোগ করেছেন যে, নৌকায় পর্যাপ্ত লাইফ জ্যাকেট ছিল না। এমনকি যারা লাইফ জ্যাকেট পরেছিলেন, তাঁরাও কেন তলিয়ে গেলেন তা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঝোড়ো হাওয়ার সতর্কতা থাকা সত্ত্বেও কেন নৌকাটি মাঝ জলাধারে নিয়ে যাওয়া হলো, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *