Ishan Kishan Harm | জোড়া ধাক্কা ভারতীয় শিবিরে, অভিষেকের পর চোট পেলেন ঈশানও, নামিবিয়া ম্যাচে অনিশ্চিত দুই ওপেনার  

Ishan Kishan Harm | জোড়া ধাক্কা ভারতীয় শিবিরে, অভিষেকের পর চোট পেলেন ঈশানও, নামিবিয়া ম্যাচে অনিশ্চিত দুই ওপেনার  

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নামিবিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) ম্যাচের আগে রীতিমতো ল্যাজেগোবরে অবস্থা ভারতীয় ক্রিকেট দলের। পেটের সমস্যার কারণে আগে থেকেই অভিষেক শর্মার খেলা নিয়ে সংশয় ছিল, এবার সেই তালিকায় যুক্ত হলেন অপর ওপেনার ঈশান কিশন (Ishan Kishan Harm)। বুধবার অনুশীলনে জসপ্রীত বুমরাহের ইয়র্কারে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। ফলে ওপেনিং জুটি নিয়েই এখন ঘোর চিন্তায় টিম ম্যানেজমেন্ট।

বুধবার নেটে বিধ্বংসী মেজাজে বল করছিলেন বুমরাহ। ঈশান কিশন প্রথমে স্বচ্ছন্দ থাকলেও বুমরাহের একটি বিষাক্ত ইয়র্কার সরাসরি আছড়ে পড়ে ঈশানের বাঁ পায়ের গোড়ালিতে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে পিচেই বসে পড়েন তিনি। ফিজিওর প্রাথমিক চিকিৎসার পর ফের ব্যাটিংয়ের চেষ্টা করলেও মাত্র পাঁচ মিনিটের মাথায় ব্যথা বাড়তে থাকায় সাজঘরে ফিরে যেতে বাধ্য হন ঈশান।

এদিকে পেটের সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অভিষেক শর্মাকে। বুধবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। সতীর্থ তিলক বর্মা জানিয়েছেন, “অভিষেক এখন ভালো আছে। তবে ম্যাচের দিন সকালে ওর শারীরিক অবস্থা দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” অন্যদিকে, বুমরাহ সম্পূর্ণ সুস্থ থাকলেও দলের কম্বিনেশনের খাতিরে তাঁকে খেলানো হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে।

যদি অভিষেক খেলতে না পারেন, তবে সঞ্জু স্যামসন ওপেন করতে পারেন। কিন্তু ঈশান কিশনও যদি ছিটকে যান, তবে ওপেনিং স্লটে কে আসবেন তা নিয়ে নতুন করে ভাবতে হবে অধিনায়ক সূর্যকুমার যাদবকে। পাকিস্তানের মেগা ম্যাচের আগে এই চোট-আঘাতের মিছিল ভারতীয় শিবিরে কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *