ISF-CPM | বামেদের সঙ্গে আসন রফা আইএসএফ-এর, ২৯ কেন্দ্রে প্রার্থী দিচ্ছে নওশাদ

ISF-CPM | বামেদের সঙ্গে আসন রফা আইএসএফ-এর, ২৯ কেন্দ্রে প্রার্থী দিচ্ছে নওশাদ

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর বিধানসভা ভোটে (West Bengal Meeting Election 2026) বামেদের হাত ধরেই ময়দানে নামছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)। শুক্রবার ফুরফুরা শরিফে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui) স্পষ্ট করে দিলেন, বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে। মোট ২৯টি আসনে প্রার্থী দেবে তাঁর দল। তবে গতবারের মতো এবার আর কংগ্রেস এই জোটের অংশ হচ্ছে না।

নওশাদ জানান, প্রাথমিকভাবে ৭৩টি আসন নিয়ে আলোচনার কথা থাকলেও শেষ পর্যন্ত বামেদের (CPM) সঙ্গে ২৯টি আসনে রফা হয়েছে। নওশাদ সিদ্দিকি বলেন, “বামেদের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। তবে কংগ্রেসের সঙ্গে আমাদের কোনও জোট হয়নি।” ভাঙ্গড়, দেগঙ্গা, হাড়োয়া, মধ্যমগ্রাম, অশোকনগর, বসিরহাট উত্তর, উলুবেড়িয়া পূর্ব এবং ক্যানিং-এর মতো ২৯টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রার্থী দিচ্ছে আইএসএফ।

২৯টি আসন চূড়ান্ত হলেও নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম, ভগবানগোলা এবং মুরারই—এই চারটি আসন নিয়ে এখনও দড়ি টানাটানি চলছে। মজার বিষয় হলো, এই চারটি আসনেই বামেরা ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। ফলে এই কেন্দ্রগুলোতে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে।

আসন বন্টন চূড়ান্ত হলেও এখনও পর্যন্ত কোনও প্রার্থীর নাম খোলসা করেননি নওশাদ। তিনি জানিয়েছেন, ইদের পরই আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। ২০২১-এর নির্বাচনে বাম-কংগ্রেস শূন্য হাতে ফিরলেও আইএসএফ-এর হয়ে নওশাদ নিজে ভাঙ্গড় আসনটি জিতেছিলেন। এবার কংগ্রেসকে বাদ রেখে বামেদের কাঁধে ভর করেই নিজেদের শক্তি বাড়াতে মরিয়া ফুরফুরা শরিফ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *