IPS Manoj Kumar Verma | ফ্ল্যাট খুঁজতে গিয়ে সাইবার প্রতারণা! প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ ভার্মার ছেলের ৩০ হাজার টাকা সাফ

IPS Manoj Kumar Verma | ফ্ল্যাট খুঁজতে গিয়ে সাইবার প্রতারণা! প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ ভার্মার ছেলের ৩০ হাজার টাকা সাফ

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: খোদ প্রাক্তন পুলিশ কমিশনারের পরিবারের সদস্যও রেহাই পেলেন না সাইবার অপরাধীদের হাত থেকে। প্রতারণার শিকার হলেন কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার এবং বর্তমানে রাজ্যের ডিরেক্টর অফ সিকিউরিটি মনোজ ভার্মার (IPS Manoj Kumar Verma) ছেলে পীয়ুষ ভার্মা। তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে লালবাজারে (Cyber Crime)। এই ঘটনায় তদন্তে নেমে ওড়িশা থেকে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সাইবার সেলের গোয়েন্দারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লির একটি ভাড়ার ফ্ল্যাট খুঁজছিলেন পীয়ুষ ভার্মা। সেই সময় একটি লেনদেনের জন্য নিজের ইউপিআই (UPI) আইডি ব্যবহার করেন তিনি। এর কিছুক্ষণ পরেই তিনি লক্ষ্য করেন যে, তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৩০ হাজার টাকা গায়েব হয়ে গিয়েছে। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি দেরি না করে কলকাতায় ফিরে আসেন এবং গত ২ ফেব্রুয়ারি লালবাজারের সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরই লালবাজারের গোয়েন্দারা তদন্ত শুরু করেন। ট্রানজ্যাকশন আইডি এবং ডিজিটাল ফুটপ্রিন্ট অনুসরণ করে পুলিশ ওড়িশায় হানা দেয় এবং সেখান থেকে রাকেশ প্রধান নামে এক যুবককে গ্রেফতার করে। রাকেশকে কলকাতায় নিয়ে এসে জেরা করতেই উঠে আসে নয়া তথ্য। অভিযুক্ত রাকেশ জেরায় পুলিশকে জানিয়েছে, সে সরাসরি এই প্রতারণা করেনি, তবে তাঁর ব্যাংক অ্যাকাউন্টটি ব্যবহার করেছে দিল্লির দুই ব্যক্তি। ধৃতের বয়ান অনুযায়ী, সঞ্জয় এবং অক্ষয় নামে ওই দুই ব্যক্তিই মূলচক্রী।

লালবাজারের সাইবার সেল বর্তমানে ধৃত রাকেশকে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। দিল্লির ওই দুই অভিযুক্ত সঞ্জয় এবং অক্ষয়ের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। খোদ প্রাক্তন পুলিশ কর্তার ছেলের অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর এই ঘটনাটি প্রমাণ করে যে, সাধারণ মানুষের পাশাপাশি হাই-প্রোফাইল ব্যক্তিরাও সাইবার অপরাধীদের নিশানায় রয়েছেন। সাইবার গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, এর পেছনে আন্তঃরাজ্য কোনও বড় চক্র সক্রিয় রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *