কলকাতা: তাঁর ভাবনা, পরিকল্পনার কথা দুনিয়ার দরবারে চলে আসার পর কেটে গিয়েছে চব্বিশ ঘণ্টারও বেশি সময়। দেশ দুনিয়ার অনেকেই তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেছেন।
কিন্তু তিনি, বিরাট কোহলি এখনও তাঁর সিদ্ধান্তে অনড় বলেই খবর। জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে কিংবদন্তি শচীন তেন্ডুলকারকে অনুরোধ করা হয়েছে বিরাটকে বোঝানোর জন্য। লিটল মাস্টার ইতিমধ্যেই কোহলির সঙ্গে কথা বলেছেন বলে খবর। কিন্তু তারপরও ছবিটা বদলেছে, এমন খবর নেই রাত পর্যন্ত। বরং কোহলি নিয়ে প্রবল অস্বস্তিতে পড়েছে বিসিসিআই।
২০ জুন থেকে লিডসে শুরু ভারত বনাম ইংল্যান্ডের পাঁচ টেস্টের সিরিজ। তার আগে আগামী ২৩ মে টিম ইন্ডিয়ার মিশন ইংল্যান্ডের দল ঘোষণা হওয়ার কথা। প্রাথমিকভাবে জাতীয় নির্বাচকরা যে দল ভেবেছিলেন, সেখানে এখন বিস্তর রদবদল হতে চলেছে। রোহিত শর্মা দিন কয়েক আগেই টেস্ট থেকে অবসর নিয়েছেন। বিরাটও সেই পথে হাঁটতে চলেছেন। এমনকি রবীন্দ্র জাদেজাও খুব দ্রুত টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পারেন, ভারতীয় ক্রিকেটের অন্দরমহল থেকে এমন ইঙ্গিত সামনে আসছে। শেষপর্যন্ত এমন সম্ভাবনা বাস্তব হলে তিন কিংবদন্তির শূন্যস্থান পূরণ সহজ হবে না অজিত আগরকারদের জন্য। শুধু তাই নয়, দলের নতুন অধিনায়কের পাশে ইংল্যান্ডের মতো কঠিন ও চ্যালেঞ্জিং সিরিজে তারুণ্যের জোশ দিয়ে কতটা বাজিমাত সম্ভব, সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠেছে ভারতীয় ক্রিকেটমহলে। রাতের দিকে জাতীয় নির্বাচক কমিটির এক সদস্য নাম না লেখার শর্তে উত্তরবঙ্গ সংবাদ-কে বলেছেন, ‘রোহিতের সিদ্ধান্তের পর বিরাটও টেস্ট ক্রিকেট ছেড়ে দিলে বিলেতে ভারতীয় ব্যাটিং সত্যিই অনভিজ্ঞ হয়ে পড়বে। দেখা যাক শেষপর্যন্ত কী হয়।’
জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজরা ইংল্যান্ড সিরিজের দলে নিশ্চিতভাবেই থাকবেন। আইপিএলে হায়দরাবাদের হয়ে জঘন্য পারফরমেন্সের পর মহম্মদ সামির বিলেত যাত্রা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কিন্তু তিনি যাচ্ছেন বলেই খবর। প্রসিধ কৃষ্ণা, হর্ষিত রানা, আকাশ দীপদের মতো জোরে বোলারদেরও বিলেত সফরে যাওয়া প্রায় নিশ্চিত। জাদেজা এখনও তাঁর অবসর নিয়ে কিছু জানাননি। তিনি থাকলে একরকম। না হলে ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদবদের সামনে আসবে সুযোগ। বোলিংয়ের থেকেও বেশি সমস্যা হতে চলেছে ভারতীয় ব্যাটিং নিয়ে। রোহিত-বিরাটের অনুপস্থিতি কীভাবে, কারা ঢাকবেন, সেটাই এখন দেখার। কোচ গৌতম গম্ভীরের সঙ্গে টিম ইন্ডিয়ার সিনিয়ারদের মানসিক দূরত্ব, বনিবনা না হওয়ার বিষয় ভারতীয় ক্রিকেটে কারও অজানা নয়। মহেন্দ্র সিং ধোনি ভারত অধিনায়ক থাকার সময় অনেকটা এভাবেই বর্তমান কোচের আন্তর্জাতিক কেরিয়ার শেষ হয়েছিল।
গম্ভীর এখন সেটাই করছেন রোহিত-বিরাটদের সঙ্গে। সম্ভাব্য নয়া অধিনায়ক শুভমান গিল ও তাঁর সম্ভাব্য ডেপুটি ঋষভ পন্থরা কীভাবে বিলেত সফরে দল পরিচালনা করেন, তার উপর টিম ইন্ডিয়ার ভাগ্য নির্ভর করবে। রোহিত-বিরাটদের ‘ছায়াও’ তাঁদের তাড়া করবে নিয়মিত।
ভারতীয় ‘এ’ দল ঘোষণা মঙ্গলবার
সিনিয়ারদের পাঁচ টেস্টের সিরিজ শুরুর আগে ভারতীয় ‘এ’ দল ইংল্যান্ড সফরে যাবে। আসন্ন সেই সফরের দল ঘোষণা হওয়ার কথা মঙ্গলবার। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটি বিশেষ সূত্র মারফত আজ রাতের দিকে এই খবর জানা গিয়েছে। করুণ নায়ার, মুকেশ কুমার, আকাশ দীপ, তনুশ কোটিয়ান, বাবা ইন্দ্রজিৎ, ধ্রুব জুরেল, নীতীশ কুমার রেড্ডিদের ভারতীয় ‘এ’ দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল। বাংলার অভিমন্যু ঈশ্বরণ বিলেত সফরের ভারতীয় ‘এ’ দলের অধিনায়ক হতে পারেন। রাতের দিকে নয়াদিল্লিতে থাকা অভিমন্যুর সঙ্গে যোগাযোগ করা হলে এমন সম্ভাবনা তিনি উড়িয়ে দেননি। কিন্তু সরকারি ঘোষণা না হওয়া পর্যন্ত কোনও মন্তব্য করতে রাজি নন তিনি। উল্লেখ্য, ভারতীয় ‘এ’ দলের কয়েকজন ক্রিকেটারকে সিনিয়ার দলের পাঁচ টেস্টের স্কোয়াডেও দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল। যার মধ্যে সবার আগে রয়েছেন করুণ।
