India vs West Indies 4th T20 | হোপের শতরান ও কেমো পলের ৫ উইকেট; চতুর্থ টি-টোয়েন্টিতে ২৪ রানে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ পরপর দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের পারফরম্যান্স দেখে তা বোঝার বিন্দুমাত্র উপায় নেই! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি (India vs West Indies 4th T20) ম্যাচে ভারতের জঘন্য বোলিং, দিশেহারা ফিল্ডিং এবং দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং হতাশায় ডুবাল দেশের ক্রিকেটপ্রেমীদের। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের তোলা ৩ উইকেটে ২৪৭ রানের বিশাল পাহাড় প্রমাণ স্কোরের জবাবে ১৯.৩ ওভারে ২২৩ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস। ২৪ রানে ম্যাচ জিতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা ফেরাল শাই হোপের ক্যারিবিয়ান ব্রিগেড।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক শ্রেয়স আয়ার। কিন্তু তাঁর বোলারদের পরিকল্পনাধীন ও লাইন-লেংথহীন বোলিং দলের সিদ্ধান্তকে পুরোপুরি ভুল প্রমাণ করে। ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ ভারতীয় বোলিংকে ক্লাব স্তরে নামিয়ে এনে মাত্র ৫০ বলে ১০২ রানের বিধ্বংসী অপরাজিত শতরান উপহার দেন, যাতে ছিল ৪টি চার ও ৯টি বিশাল ছক্কা।

সঙ্গী শারফেন রাদারফোর্ড (২৬ বলে অপরাজিত ৪৯) ও শিমরন হেটমেয়ার (১২ বলে ৩৩)-দের তাণ্ডবে নির্ধারিত ২০ ওভারে ২৪৭ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ময়ঙ্ক যাদব (৪ ওভারে ৫২) এবং আরশদীপ সিং (৪ ওভারে ৫২ রান, ১ উইকেট) দুজনই দেদার রান বিলিয়েছেন। অক্ষরের ৪ ওভারে এসেছে ৪৫ রান এবং নমন ধীর ১ ওভারেই ১৯ রান উজার করে দেন।

২৪৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারত সূচনাটা বেশ আক্রমণাত্মক করেছিল। সঞ্জু স্যামসন মাত্র ২৩ বলে ৬টি চার ও ৪টি ছক্কার সৌজন্যে ঝোড়ো ৫৬ রান করে আশা জাগিয়েছিলেন। কিন্তু একই ওভারে সঞ্জু ও ঈশান কিষাণকে (৬) আউট করে বড় ধাক্কা দেন কেমো পল।

পরবর্তী ব্যাটারদের মধ্যে অধিনায়ক শ্রেয়স আয়ার (১৬), অভিষেক শর্মা (২৯) ও নমন ধীররা ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ হন। শেষদিকে তিলক বর্মা (২৫ বলে ৪৩) ও নীতীশ কুমার রেড্ডি (২০ বলে ৪১) কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ক্যারিবিয়ান পেসার কেমো পল ৪১ রান দিয়ে ৫টি উইকেট তুলে নিয়ে ভারতের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন। শেষপর্যন্ত অর্শদীপ সিং আহত হয়ে মাঠ ছাড়ায় ১৯.৩ ওভারে ২২৩ রানেই থমকে যায় ভারতের ইনিংস।

ম্যাচে ক্যাচ ফেলার হিড়িক থেকে শুরু করে বোলিং পরিবর্তনের ব্যর্থতা—সব মিলিয়ে প্রধান কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক শ্রেয়স আয়ারের ভূমিকা নিয়ে চড়ছে ক্ষোভের পারদ। শুধুমাত্র ব্যাটিং সহায়ক পিচকে ঢাল বানিয়ে বোলারদের এই দিশেহারা পারফরম্যান্সকে ঢাকা সম্ভব নয় বলেই মনে করছে ক্রিকেট মহল। সিরিজ নির্ণায়ক পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচের আগে ভারতের এই অলরাউন্ড ব্যর্থতা গম্ভীর ব্রিগেডের চিন্তার কারণ হয়ে দাঁড়াল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *